২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাইক্রোসহ আগুনে পুড়িয়ে হত্যা: গ্রেপ্তার ২

গাজীপুরের রাজেন্দ্রপুরে মাইক্রোবাসে বেঁধে ফারুক হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

গাজীপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের রাজেন্দ্রপুরে মাইক্রোবাসে বেঁধে ফারুক হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এ তথ্য জানান। পুলিশ দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটিও উদ্ধার করেছে বলে জানান তিনি। গ্রেপ্তার করা দুজন হলেন- বিকাশ চন্দ্র দাস (২৭) ও তার সঙ্গী হাবিবুর রহমান স্বপন (২০)। এদেরকে সংবাদ ব্রিফিংয়ে হাজির করা হয়। বিকাশ ও স্বপনের বাড়ি শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি গ্রামে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুরে হাত-পা বেঁধে মাইক্রোবাসসহ এর চালক ফারুক হোসেনকে পুড়িয়ে মারা হয়। ফারুক কাপাসিয়ার নলগাঁও গ্রামের সোলেমানের ছেলে। পুলিশ কর্মকর্তা মাহফুজুল হক জানান, বিকাশ চন্দ্র ও ফারুক এক সময় সহকর্মী ছিলেন। তারা দুজনই তাইজুদ্দিনের মাইক্রোবাস চালাতেন। বিকাশ চুরি করে গাড়ির চাকা বিক্রি করে দিলে ফারুক তা মালিককে জানিয়ে দেন। এ জন্য বিকাশ তার (ফারুকের) ওপর ক্ষিপ্ত ছিল। চাকুরিচ্যুত করায় মালিকের ওপরও ক্ষোভ ছিল তার। সে কারণে মাইক্রোবাসটি পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার ২৪ ঘণ্টা আগেই আসামি গ্রেপ্তারের সাফল্য তুলে ধরে তিনি জানান, জড়িত অন্যদের ধরতে পুলিশের জোর তৎপরতা চলছে। সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত আসামি বিকাশ ও স্বপন হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জিহাদুল কবির, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) মো. জামিল হাসান, জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ এবং গোয়েন্দা শাখার কর্মকর্তা মো. কামরুল আহসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.