বরিশাল, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল বোর্ডে ২০০৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার বেড়েছে। তবে জিপিএ-৫ কমেছে।
এ বছর ২৯ হাজার ৭২০ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৯৭২ জন। উত্তীর্ণের হার ৬৭ দশমিক ২০। জিপিএ-৫ পেয়েছে ৫৭৪ জন। গত বছর পেয়েছিল ৫৯৭ জন।
শনিবার বেলা ১২টায় পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর ফল বিভাগীয় কমিশনারের হাতে তুলে দেন। এরপর সাংবাদিকদের কাছে কপি সরবরাহ করা হয়।
এ বছর ২৯ হাজার ৭২০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৯৭২জন। উত্তীর্ণের হার ৬৭ দশমিক ২০। গতবছর এ হার ছিল ৬৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫৭৪ জন। গত বছর পেয়েছিল ৫৯৭ জন।
বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৫১৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৩২০ জন। উত্তীর্ণের হার ৬৫ দশমিক ৯৩। মানবিকে ১৭ হাজার ২৮৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৬৭৩ জন। উত্তীর্ণের হার ৬১ দশমিক ৭৪। ব্যবসায় শিক্ষায় ৮ হাজার ৯১৫ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯৭৯ জন। উত্তীর্ণের হার ৬৭ দশমিক ২০।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর বলেন, "পরীক্ষার্থীরা পড়ার টেবিলে না ফিরলে এ ফল হতো না।"
উত্তীর্ণেল হারে বোর্ডে সেরা দশ কলেজ
বোর্ডে প্রথম স্থানে বরাবরের মতই রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৪৮ জনের সবাই উত্তীর্ণ হয়েছে। পাসের হার ১০০ ভাগ। দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও অষ্টম স্থানে আছে পিরোজপুরের চারটি কলেজ।
মঠবাড়িয়া মহিলা মহাবিদ্যালয় (৯৫ দশমিক ১২) ও শহীদ জননী মহিলা মহাবিদ্যালয় (৯৩ দশমিক ১০) আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছে- বরগুনার বামনা উপজেলার বেগম ফয়জুননেছা মহিলা কলেজ (৯৩ দশমিক ১০), ৫ম বরিশাল সদর উপজেলার বরিশাল স্কুল অ্যান্ড মডেল কলেজ (৯২ দশমিক ৯২), ৬ষ্ঠ পিরোজপুরের জিয়ানগর কলেজ (৯২ দশমিক ৬৩), ৭ম বরিশালের অমৃতলাল দে কলেজ (৯২ দশমিক ৩২), ৮ম পিরোজপুরের নাজিরপুর শহীদ জিয়া কলেজ (৯১ দশমিক ১৯), ৯ম পটুয়াখালীর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ (৯১ দশমিক ১১) এবং ১০ম স্থানে থাকা বরিশালের আগরপুর কলেজে উত্তীর্ণের হার ৯০ শতাংশ।
জিপিএ ৫-এ বোর্ডের সেরা দশ কলেজ
বোর্ডে সবচেয়ে বেশি ১৩৩ জন জিপিএ ৫ পেয়েছে অমৃতলাল দে মহাবিদ্যালয় থেকে। ৭৪টি নিয়ে ২য় স্থানে রয়েছে বরিশাল মহিলা কলেজ, তৃতীয় বরিশাল ক্যাডেট কলেজ (৩৯), ৪র্থ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ (৩৫), ৫ম স্থানে আছে বরিশাল মডেল কলেজ (২৪), ৬ষ্ঠ পিরোজপুরের শহীদ স্মৃতি কলেজ (১৮), যৌথভাবে ৭ম স্থানে রয়েছে গলাচিপা ডিগ্রি কলেজ ও বরগুনা সরকারি কলেজ (১৩), যৌথভাবে ৮ম স্থানে আছে পিরোজপুরের স্বরুপকাঠি সরকারি কলেজ ও ভোলার চরফ্যাসন কলেজ (৯), যৌথভাবে ৯ম স্থানে রয়েছে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ও পিরোজপুরের সরকারি সরোয়ার্দী কলেজ (৮), যৌথবাবে ১০ স্থানে রয়েছে বরিশালের হিজলা কলেজ, ভোলার নাজিউর রহমান কলেজ এবং ঝালকাঠি মহিলা কলেজ (৭)।
পিরোজপুরের কলেজগুলো সবচেয়ে ভাল ফল করেছে
পিরোজপুরের ৩৫টি কলেজের ৪ হাজার ৬ শ' ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২ শ' ৫৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭১ দশমিক ৩১, যা বিভাগের ৬ জেলার মধ্যে সর্বাধিক।
ফলাফলে মেয়েরা এগিয়ে
বরিশাল বোর্ডের বিভাগ ভিত্তিক ফলাফলে মেয়েরা ছেলেদের ছাড়িয়ে গেছে। বিজ্ঞান বিভাগে মেয়েদের উত্তীর্ণের হার ৬৬.৬৭ এবং ছেলেদের ৬৫.৫৩ শতাংশ। মানবিকে মেয়েদের ৬২.১৮ এবং ছেলেদের ৬১.০৫ শতাংশ। ব্যবসায় শিক্ষায় মেয়েরা শতকরা ৮১ দশমিক ৪৩ ভাগ এবং ছেলেরা ৭৬ দশমিক ৬৯ ভাগ উত্তীর্ণ হয়েছে।
তবে উত্তীর্ণের মোট সংখ্যার গড়ে ছেলেরা সামান্য এগিয়ে। এ ক্ষেত্রে ছেলেদের গড় ৬৭ দশমিক ৯৭ এবং মেয়েদের গড় ৬৬ দশমিক ২০।
দুইটি কলেজ থেকে কেউ উত্তীর্ণ হয়নি
বরিশাল বিভাগে এবার দুইটি কলেজ থেকে কেউ উত্তীর্ণ হয়নি। এর মধ্যে পটুয়াখালীর আলিপুর কলেজ থেকে ২ জন পরীক্ষা দিয়ে দু'জনই ফেল করেছে। বরগুনার ঘটবাড়িয়া আদর্শ কলেজের ১জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24