২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে আড়াই কেজি হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শনিবার রাতে সূত্রাপুরের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 05:23 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে আড়াই কেজি হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শনিবার রাতে সূত্রাপুরের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল ওয়াদুদ (৪৫) ও সাজেদা আক্তার বেবী (৩০)। তার নেশাদ্রব্য হেরোইনের পাইকারি ব্যবসায়ী বলে কর্মকর্তাদের দাবি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা সার্কেলের সহকারী পরিচালক ফজলুর রহমান রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত দেড়টার দিকে সূত্রাপুরের মনির হোসেন লেনের পাঁচতলা একটি বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওয়াদুদ ও সাজেদাকে গ্রেপ্তার করা হয়। "ওই বাড়িতে দুই কেজি ৬০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।" ওয়াদুদ ও সাজেদা হেরোইন ব্যবসায় জড়িত জানিয়ে ফজলুর বলেন, "এই চালানটি শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছিল।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। দুই জনকেই সূত্রাপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এমআই/১১১৯ ঘ.