২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১,৩৮৮ শিক্ষার্থী

নতুন শিক্ষা বোর্ড দিনাজপুর বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

দিনাজপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন শিক্ষা বোর্ড দিনাজপুর বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার ৫৫ দশমিক ৯০ শতাংশ। আটটি বোর্ডের মধ্যে সর্বনিু স্থানে থাকলেও এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। শনিবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পিয়ারউদ্দিন আহম্মেদ ফল ঘোষণা করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা- এ আট জেলার ৪৮১টি কলেজের ৫৯ হাজার ৩৯৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩২ হাজার ৭২২ জন। ২৮ হাজার ৩২৩ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৬২২ জন। উত্তীর্ণের হার ৫৫ দশমিক ১৬ শতাংশ। ৩০ হাজার ২১৮ ছাত্র পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার একশ' জন। উত্তীর্ণের হার ৫৬ দশমিক ৫৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে ৬২ দশমিক ৯৭, মানবিকে ৫০ দশমিক ৯৯ এবং ব্যবসায় শিক্ষায় ৬৩ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়ায় সেরা দশ কলেজ জিপিএ-৫ পাওয়া কলেজগুলোর তালিকায় সেরা দশটি হল যথাক্রমে-রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ, পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ ও গাইবান্ধা সরকারি কলেজ। দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ারউদ্দিন আহম্মেদ উচ্চ মাধ্যমিকের ফলে বিষয়ে বলেন, এসএসসি'র তুলনায় এইচএসসিতে ফল আশাব্যাঞ্জক নয়। ভবিষ্যতে শিক্ষার মান এবং ফল কিভাবে আরও ভালো করা যায় সে চেষ্টা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.