ময়মনসিংহ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ময়মনসিংহ-গৌরিপুর রেলপথের কেওয়াটখালি রেলওয়ে ওভারব্রিজের কাছে শুক্রবার সকালে চট্টগ্রামগামী মেইল ট্রেনের দুটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এ কারণে ময়মনসিংহ থেকে কয়েকটি রুটে সকাল ৭টা থেকে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
উদ্ধার কাজ শেষে বিকেল সোয়া ৫টা থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রামগামী ৩৮ নম্বর মেইল ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর কেওয়াটখালী রেলওয়ে ওভারব্রিজের কাছে মালবাহী দু'টি বগি লাইনচ্যুত হয়। একটি বগির চাকা খুলে লাইন থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর ময়মনসিংহ থেকে চট্টগ্রাম, মোহনগঞ্জ, জারিয়া-ঝাঞ্জাইল ও ভৈরব বাজার হয়ে ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। নেত্রকোনায় মহুয়া, মোহনগঞ্জ, জারিয়া স্টেশনে লোকাল ট্রেন এবং গৌরিপুর রেল স্টেশনে চট্টগ্রাম মেইল ও ভৈরব লোকালসহ ছয়টি ট্রেন আটকা পড়ে বলে নজরুল ইসলাম জানান।
তিনি জানান, ট্রেন উদ্ধারের জন্য কেওয়াটখালী লোকোশেড থেকে একটি উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। রিলিফ ট্রেন উদ্ধারের পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার এবং লাইন সংস্কারের পর বিকেল সোয়া পাঁচটা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।
নজরুল ইসলাম বলেন, উদ্ধারকারী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কাজে তিন ঘণ্টা বিলম্ব হয়েছে। দুর্ঘটনা কবলিত মেইল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে বিপুল সংখ্যক ডিম নষ্ট হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৩ ঘ.
bdnews24