ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো কিছু উগ্রপন্থী সংগঠনকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
তাদের বক্তব্য, নিষিদ্ধ না হওয়ার কারণেই চরমপন্থী এবং ধর্মীয় উগ্রবাদী বেশ কয়েকটি সংগঠনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
দেশের অধিকাংশ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার এক সভায় এ মত প্রকাশ করেছেন।
পুলিশ সদর দপ্তরে দু'দিন ব্যাপী অনুষ্ঠিত অপরাধ সভার শেষ দিন বৃহস্পতিবার মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার অধিকাংশ কর্মকর্তা এই মত প্রকাশ করেন। কিছু সংগঠনকে চিহ্নিত করে তা নিষিদ্ধ করার প্রস্তাব সরকারের কাছে পাঠানো যেতে পারে বলে সভায় আলোচনা হয়।
পুলিশের মহাপরিদর্শক থেকে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
প্রতি তিনমাস পরপর এই অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন পুলিশের নগর বিশেষ শাখার (এসবি) বিশেষ সুপার কামরুল আহসান। সভায় বক্তব্য দেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ প্রমুখ। এছাড়া মুক্ত আলোচনায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নানা বিষয়ে মত প্রকাশ করেন।
সভায় উপস্থিত দক্ষিণাঞ্চলীয় একটি জেলার পুলিশ সুপার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জঙ্গী এবং চরমপন্থী সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে সভায় মুক্ত আলোচনা হয়। অধিকাংশ বক্তাই বলেন, দেশে নিষিদ্ধ সংগঠন মাত্র ৪টি। কিন্তু অনেক সংগঠনই আছে যাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতোই। এসব সংগঠন নিষিদ্ধ না হওয়ার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছেনা বা সন্ত্রাস দমন আইনের আওতায় আনা যাচ্ছেনা।
ওই পুলিশ সুপার জানান, এ ধরণের কিছু সংগঠনকে চিহ্নিত করে তাদের নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব পাঠানো যায় কিনা সভায় তা নিয়ে আলোচনা হয়। অধিকাংশই পুলিশ কর্মকর্তা আরো কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার ব্যাপারে মত প্রকাশ করেন।
ইতিমধ্যে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো হচ্ছে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশ (হুজি) , জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) এবং শাহাদাৎ - ই - আল হিকমা। জেএমবি'র বাংলাভাই-ই কৌশল হিসেবে জেএমজেবি নাম দিয়ে ২০০৪ সালের এপ্রিল ও মে মাসে রাজশাহীতে জঙ্গী কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সভায় মূলত জঙ্গী এবং চরমপন্থী সংগঠন নিয়ে আলোচনা হয়। এ সংগঠনগুলোর কার্যক্রম নজরদারি করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
নাইম আহমেদ বলেন," সভায় কিছু কিছু সংগঠনের কার্যক্রম নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সন্ত্রাস দমন আইনের আওতায় আনতে হলে সেইসব সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলে অধিকাংশ পুলিশ কর্মকর্তা মত প্রকাশ করেন।"
এদিকে বৃহস্পতিবারের এ সভায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। সভায় এই প্রথমবারের মতো সংগঠনে পুলিশের সব শ্রেণীর প্রতিনিধিত্ব রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
বিসিএস ক্যাডারের সহকারি পুলিশ সুপার থেকে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য। আর পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত কর্মীরা পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য। এই দু'টি সংগঠন এক করার ব্যাপারে সভায় সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১২৪৪ ঘ.
bdnews24