ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজিএমইএ'র তিন নেতা অভিযোগ করেছেন বৃহস্পতিবার বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে গেলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান তাদের অপমানিত করেছেন।
বিজিএমইএ-র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পরে সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী উদ্যোগ নিলে আরইবি চেয়ারম্যান ভুঁইয়া শফিকুল ইসলাম নিঃশর্ত ক্ষমা চাইলে বিষয়টির সুরাহা হয়।
এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভুঁইয়া শফিকুল ইসলামের মোবাইল ফোনে ফোন করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া করেছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানীকারক সমিতির নেতারা।
বিজিএমইএ নেতা শফিউল ইসলাম মহিউদ্দীন বলেন, বৃহস্পতিবার সকালে আশুলিয়া ও গাজীপুর এলাকায় বিদ্যুৎ সমস্যার বিষয়ে কথা বলতে তিনি ও আরো দু'জনের একটি প্রতিনিধিদল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভুঁইয়া শফিকুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। এটি ছিল তাদের পূর্ব নির্ধারিত বৈঠক।
মহিউদ্দীন বলেন, তারা নিজেদের ভিজিটিং কার্ড দিয়ে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে দেখেন তিনি ফাইল দেখছেন। কয়েক মিনিট পর ফাইল দেখা শেষে চেয়ারম্যান 'রূঢ় ভাবে' তাদের বলেন, 'বলেন কেন এসেছেন?'
বিজিএমইএ নেতারা এসময় বলেন, "আপনি মনে হয় ব্যস্ত। আমরা পরে আসবো।" মহিউদ্দীন বলেন, তখন চেয়ারম্যান বলেন, "যান আপনাদের ইচ্ছা।"
বিজিএমইএ-র সহ-সভাপতি মহিউদ্দীন বলেন, তারা কক্ষ থেকে বের হয়ে আসার সময় 'দরজায় জোরে শব্দ হয়'। এরপর নিরাপত্তাকর্মীরা তাদের ওই ভবন থেকে বের হতে বাধা দেয়।
তিনি বলেন, "নিরাপত্তাকর্মীরা আমাদের বলে, 'ওপরের নির্দেশ আছে আপনাদের আটকে রাখার'।"
এরপর বিজিএমইএ নেতারা মোবাইল ফোনে বিষয়টি জানালে সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ ২/৩ গার্মেন্টস মালিক পল্লী বিদ্যুতায়ন ভবনে যান। সহ-সভাপতি মহিউদ্দীন বলেন, ক্ষুদ্ধ গার্মেন্টস মালিকরা চৈ চৈ করলে এক পর্যায়ে চেয়ারম্যান এসে সবার কাছে নিশঃর্ত ক্ষমা চাইলে তারা চলে আসেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের ভুল বোঝাবুঝির কারণে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিজিএমইএ সভাপতি ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।"
এ বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভুঁইয়া শফিকুল ইসলামের বক্তব্য জানতে মোবাইল ফোনে কয়েবকার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআরএফ/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24