ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধান এবং পাতাল রেল নির্মাণের কাজ শুরু করার প্রস্তাব ফেরত পাঠিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অন্যদিকে, আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার, আট হাজার মেট্রিক টন মুদ্রণ কাগজ এবং ৮৫০ মেট্রিক টন মলাটের কাগজ আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পর পর এই দুই কমিটির সভা হয়। উভয় সভায় নেতৃত্ব দেন কমিটি সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মতিয়ার রহমান সাংবাদিকদের ব্রিফ করেন।
মতিয়ার রহমান জানান, আগামী কৃষি মৌসুমে দেশে সারের চাহিদা পূরণে সরকার আরো দুই লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য মোট ৪৯৩ কোটি টাকা ব্যয় হবে।
এছাড়া আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপানোর জন্য সরকার আট হাজার মেট্রিক টন মুদ্রণ কাগজ এবং ৮৫০ মেট্রিক টন মলাটের কাগজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সরকারের প্রায় ৭০ কোটি টাকা ব্যয় হবে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির সভায় সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধান বিডিং এবং পাতাল রেল নির্মাণের কাজ শুরু করার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব বলেন, "প্রস্তাবগুলোর নথি আরো পরীক্ষা-নিরীক্ষা এবং তথ্য উপাত্তসহ সভায় উপস্থাপনের জন্য ফেরত পাঠানো হয়েছে।"
সভাদু'টিতে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল করিমসহ সংশ্লিষ্ট সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২৩২৪ঘ.
bdnews24