সাতক্ষীরা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবি না মেটানোয় সাতক্ষীরায় এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভোরে সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্বপ্না (২২) ওই গ্রামের ফেরদৌস এর স্ত্রী।
এ ঘটনায় স্বপ্নার মামা রুহুল কুদ্দুস বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সদর উপজেলার কুশখালি গ্রামের স্বপ্নার সঙ্গে ২/৩ বছর আগে ফেরদৌস'র বিয়ে হয়। বিয়ের পর থেকে ফেরদৌস প্রায়ই স্বপ্নার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। এ কারণে বিভিন্ন সময় ফেরদৌসকে ৫০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র মিলে লক্ষাধিক টাকার যৌতুক দেওয়া হয়। বুধবার ভোরে স্বপ্নাকে নির্যাতন করে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান জানান, সাংসারিক অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ চলে আসছিল। ঘটনার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৬ ঘ.
bdnews24