২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে জাল পাসপোর্ট তৈরির কারখানায় অভিযান, গ্রেপ্তার ৭

রাজধানীর বনানীর একটি রিক্রুটিং এজেন্সির অফিসে বুধবার রাতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার জাল পাসপোর্টসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীর একটি রিক্রুটিং এজেন্সির অফিসে বুধবার রাতে অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার জাল পাসপোর্টসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন- আনোয়ার হোসেন (৩৯), ফেরদৌস আলম ফিরোজ (৩২), ইসমাইল হোসেন (৩৬), আলমগীর হোসেন (২৫), কাজী শুক্কুর আলী (৩৫), একেএম জিয়াউদ্দিন ফারুক (২৮) ও আলাউদ্দিন (৫৯)। জাল পাসপোর্ট ছাড়াও কিশওয়া এন্টারপ্রাইজ লিমিটেড নামের ওই এজেন্সি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তার নকল রাবার স্ট্যাম্প (সিল) উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জাল পাসপোর্ট ব্যবহার করে বিদেশে নারী পাচারের অভিযোগ উঠেছে। উদ্ধার করা পাসপোর্টের মধ্যে প্রায় ২শ'টি মেয়েদের নামে। পুলিশ ও গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, বিদেশে ভালো চাকরির লোভ দেখিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে আগ্রহীদের জাল পাসপোর্টের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। জাল পাসপোর্টের কারণে সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর থেকেই ফেরত আসতে হয় পুরুষদের। এই চক্রটি পুরুষদের পাশাপাশি একই প্রক্রিয়ায় জাল পাসপোর্টের মাধ্যমে সৌদি আরব, দুবাইসহ বিভিন্ন দেশে নারীদের পাঠিয়ে থাকে। জাল পাসপোর্টধারী পুরুষদের বিদেশী বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলেও রহস্যজনক কারণে কোনও নারী এ পর্যন্ত ফেরত আসেনি। বুধবার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযান পরিচালনাকারী গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, বনানীর ৪ নং রোডের এফ ব্লকের ১৬ নম্বর বাড়িতে কিশওয়া এন্টারপ্রাইজ লিমিটেড দীর্ঘদিন ধরে নকল পাসপোর্ট তৈরী করে বিদেশ যেতে আগ্রহীদের সঙ্গে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১,৩৫৭ টি নকল পাসপোর্ট উদ্ধার করা হয়। বেশিরভাগ পাসপোর্টে কারো নাম-ঠিকানা নেই। তিনি জানান, গ্রেপ্তার ৭ জনকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। চক্রের মূল হোতা প্রতিষ্ঠানটির মালিক রাজীব বর্তমানে দুবাই রয়েছেন। অভিযানের পর থেকে রাজীবের ঘনিষ্ট সহযোগী সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার শুক্কুর আলী জানান, তিনি প্রায় ৩ বছর ধরে কিশওয়া এন্টারপ্রাইজে চাকরি করছেন। শুরু থেকেই তিনি এ বিষয়টি জানতেন যে জাল পাসপোর্টে লোকজনকে বিদেশ পাঠিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া বহু মেয়েকে ভালো চাকরি দেওয়ার নাম করে বিদেশে পাঠিয়েছে এই প্রতিষ্ঠান। তিনি বলেন, "আমাদের প্রতিষ্ঠানের বেশীর ভাগ গ্রাহকই গ্রামের। বিদেশে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হতো। তারপর এজেন্সির কর্মীরা নিজেরাই সিল মেরে, ছবি লাগিয়ে জাল পার্সপোর্ট বানিয়ে তাদের বিদেশে পাঠিয়ে দিত। বিদেশের মাটিতে পা রাখার পর তারা বুঝতে পারতেন কীভাবে তারা প্রতারিত হয়েছেন।" ডিবি কর্মকর্তারা জানান, সংঘবদ্ধ চক্রটি বিভিন্ন নকল সিল ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরীর পাশাপাশি পার্সপোর্ট নবায়নও করে থাকে। পাসপোর্টে নাম পরিবর্তন ও অন্যান্য তথ্য মুছে গ্রাহকের চাহিদামতো তথ্য সংযোজনের জন্য রাসায়নকি ব্যবহার করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫৬ ঘ.