২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বেতন স্কেল 'বৈষম্যমূলক': ৩৭ কর্মকর্তার স্মারকলিপি

সপ্তম পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে সচিব কমিটির সুপারিশ নিয়ে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতনের পার্থক্যকে 'বৈষম্যমূলক' আখ্যায়িত করে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর কাছে এর প্রতিকার চেয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে সচিব কমিটির সুপারিশ নিয়ে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতনের পার্থক্যকে 'বৈষম্যমূলক' আখ্যায়িত করে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর কাছে এর প্রতিকার চেয়েছেন তারা। পরিকল্পনা বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উপ-সচিবসহ বিভিন্ন পর্যায়ের ৩৭ জন কর্মকর্তা বুধবার ওই দুই মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে বৈষম্যমূলক বেতন স্কেল ঘোষণার পরিবর্তে ন্যায়ানুগ বেতন স্কেল করার দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুধবার এনইসি ভবনের কার্যালয়ে না যাওয়ায় তার ব্যক্তিগত কর্মকর্তা এবং পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার দেশের বাইরে থাকায় তার একান্ত সচিব এই ৩৭ কর্মকর্তার স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানান ওই কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত বেতন স্কেলে ২০টি গ্রেডের মধ্যে বেতনের যে পার্থক্য নির্ধারণ করা হয়, তাতে নিম্নপদস্থ কর্মকর্তা-কর্মচারীদের বঞ্চিত করা হয়েছে। এতে সচিবসহ প্রথম চারটি গ্রেডের কর্মকর্তাদের বেতন ৭৪ থেকে ৭২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয় । সেইসঙ্গে সচিবদের জন্য বিশেষ সুবিধা হিসেবে আরো পাঁচ হাজার টাকা বরাদ্দ রাখারও প্রস্তাব করা হয়। অথচ ৮ম গ্রেড থেকে ১৭তম গ্রেড পর্যন্ত মধ্য ও নিম্নপর্যায়ের কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৬২ থেকে ৫৭ শতাংশ, যা অন্য পে কমিশন থেকে ভিন্ন। '৯৭ এর বেতন কমিশনের আলোকে ২০০৫ সালে ঘোষিত পে কমিশনে কর্মচারী ও নিম্নপদস্থ কর্মকর্তাদের বেতন বাড়ানোর হার ছিল সবচেয়ে বেশি। এতে বিভিন্ন গ্রেডে বেতনের পার্থক্য ছিল ৬ শতাংশ। ওই সময় উর্ধ্বতন কর্মকর্তাদের বেতন বাড়ানো হয় কম। তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, বর্তমান সচিব কমিটির সুপারিশে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের বেতন কমানো হয়েছে। কারণ, বর্তমানে ষষ্ঠ গ্রেডের অনেক কর্মকর্তা ১৮ হাজার ৭০০ টাকার মূল স্কেলে বেতন পাচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার তিন হাজার ৭৪০ টাকা। সব মিলিয়ে ওই পর্যায়ের কর্মকর্তারা বর্তমানে ২২ হাজার ৪০০ টাকা বেতন পাচ্ছেন। তাদের অভিযোগ, সচিব কমিটির সুপারিশে এই গ্রেডের বেতন স্কেল করা হয়েছে ২২ হাজার ২৫০ টাকা। ফলে এই গ্রেডের কর্মকর্তাদের বেতন কমে যাবে। এতে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থার অবসান না হলে সরকারকেই বিব্রতকর অবস্থায় পড়তে হবে। যা কোনভাবেই কোন কর্মকর্তা বা কর্মচারি চাননা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২০০ঘ.