মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
পঞ্চগড়, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোর থেকেই আকাশে মেঘের আনাগোনা। তার মাঝেই সূর্যকে দেখার চেষ্টা। সময়ের হিসাবে সকাল ৮টা বাজতে কয়েক মিনিট বাকি। মহাপরাক্রমশালী সূর্যকে ক্ষুদ্র আকৃতি দিয়েই ঢেকে ফেললো চাঁদ। ঝুপ করেই নামলো অন্ধকার। ঠিক তখনই আকাশে ফুটে উঠলো কিছু তারা। অভাবনীয় এক দৃশ্য! সূর্যকে ঢেকে দেওয়ার সেই 'দুঃসাহসে' তুমুল করতালি পেল চাঁদ।
এ করতালি ছিল শতাব্দীর দুর্লভ সূর্যগ্রহণ দেখতে পঞ্চগড় স্টেডিয়ামে জড়ো হওয়ার হাজার মানুষের। মহাজগতের নান্দনিক ওই ঘটনা দেখে উচ্ছ্বসিত ছিল সবাই। মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও ছবি তুলতে দেখা যায় অনেককে।
বাংলাদেশের পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকেই শুধু পূর্ণগ্রাস গ্রহণ দেখা গেছে। তাই দেশের নানা প্রাপ্ত থেকে সবাই ভিড় জমায় মূলত পঞ্চগড়ে। মঙ্গলবার মধ্যরাত থেকেই পঞ্চগড়ে হালকা বৃষ্টি শুরু হয। তবে প্রকৃতির বিরূপ আচরণ সূর্যগ্রহণের প্রতি আকর্ষন থেকে বিরত রাখতে পারেনি উৎসাহী মানুষকে।
পঞ্চগড় স্টেডিয়ামে ঘটা করেই বিরলতম ঘটনার সাক্ষী হওয়ার আয়োজন করা হয়েছিল। ভোর ৫টা থেকেই মানুষ আসতে শুরু করে। সকাল ৭টার স্টেডিয়াম ভরে যায়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ও অনসন্ধিৎসু চক্র পর্যবেক্ষণের আয়োজন করে।
সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে আসা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির জোতির্বিজ্ঞানের অধ্যাপক দিপেন ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, "আনুমানিক ৭টা ৫৭ মিনিটে পূর্ণগ্রহণ শুরু হয়। এটি আমাকে উদ্বেলিত করেছে। আমি এতটা আশা করিনি। ভাষায় বলা সম্ভব না।
"মানুষ উৎসাহ নিয়ে মহাজাগতিক এ ঘটনা দেখেছে। পূর্ণগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই করতালি দিয়ে উঠে। অনেকেই সেল ফোন দিয়ে ছবি তুলেছে।"
তিনি বলেন, "আমরা সূর্যের ক্রমোস্ফিয়ার ও করোনা দেখেছি। তবে পূর্ণগ্রহণের সময় তাপমাত্রা কমে গিয়েছিল। আলো কমে আসছিল।"
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর সুকল্যাণ বাছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ণগ্রহণের সময় বুধ গ্রহ দেখা গেছে।"
পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে গ্রহণ দেখতে আবদুল হক ঘর থেকে বেরিয়েছিলেন ভোর ৪টায়।
তিনি বলেন, "আমার জীবন স্বার্থক হলো। কারণ আমি যা দেখতে চেয়েছিলাম তা দেখতে পেরেছি। দিনের বেলায় রাতের তারা দেখলাম। এর আগে দেখিনি। সম্পূর্ণ চাঁদ সূর্যকে ঘিরে ফেললো। আকাশ পরিষ্কার থাকলে আরও ভালোভাবে দেখতে পেতাম।"
অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সৌজন্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে ঢাকা থেকে গ্রহণ দেখতে তেঁতুলিয়ার ময়নাগুড়ি চা বাগানে এসেছিলেন নটরডেট কলেছের ছাত্র আলী আহসান মুন্না। সেখানে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যায়নি মেঘের কারণে। তবে গ্রহণ শেষ হওয়ার প্রায় ১৫/২০ মিনিট আগে সূর্য মেঘের আড়াল থেকে উঁকি দেয়। তবে এ সময় সূর্যের প্রায় ৪০ শতাংশ ছিল চাঁদের আড়ালে।
মুন্নার আফসোস, "ইস! আর ১০ মিনিট আগে যদি মেঘ সরে যেত।"
সকালে মুন্নার সঙ্গে প্রায় ৮০ জন বিজ্ঞান উৎসাহী মানুষ তেঁতুলিয়ার ময়নাগুড়ি চা বাগানের রাধাটিলায় দাঁড়িয়ে ছিলেন গ্রহণ পর্যবেক্ষণ করার জন্য। মেঘের বৈরিতায় পুরো গ্রহণ উপভোগ করতে পারেননি তারা। তবে প্রকৃতির মাঝে দাড়িয়ে চাঁদের সূর্যকে গিলে ফেলা উপভোগ করেছেন সবাই।
অবশ্য গ্রামবাসী তবে হঠাৎ করে নেমে আসা ওই অন্ধকারে ভয় পেয়ে যান। দৌড়ে চলে যান বাড়ির দিকে।
অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েমনের সাধারণ সম্পাদক মশহুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, "গ্রহ নক্ষত্রের এ ধরনের ঘটনা সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান আন্দোলন ও এর কার্যক্রমকে ত্বরান্বিত করে। আগ্রহী মানুষের সংখ্যা বাড়ায়।"
তিনি বলেন, "আবার ১০৫ বছর পর ২১১৪ সালের ২ জুন বাংলাদেশের অন্য কোনও এলাকা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।"
জোতির্বিদরা বলছেন, যারা বুধবারের ঘটনার সাক্ষী হয়ে রইলেন হয়ত তাদের কেউই ২১১৪ সালে থাকবেন না। তবে মহাজগতের নিয়ম মানতে হলে আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমআরএফ/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24