ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ সহিংসতা তদন্তে অতিদ্রুত কমিশন গঠনের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী বলেন, "২০০১ সালের নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে বিশেষ একটি ধর্মের অনুসারী মানুষের প্রতি যে সহিংসতার ঘটনা ঘটেছে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ওইসব ঘটনা তদন্তে কমিশন গঠন করা হবে।"
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ মে হাইকোর্ট ২০০১ সালের সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ সহিংসতা এবং সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে আগামী দুই মাসের মধ্যে সরকারকে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয়। সেইসঙ্গে এই কমিশন গঠনের ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিল।
হাইকোর্টের ওই নির্দেশনার পর দুই মাস অতিবাহিত হলেও তদন্ত কমিশন গঠন করা গেল না কেন- এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "আমি যতদূর জানি, আদেশ প্রপ্তির দুই মাসের মধ্যে তদন্ত কমিশন গঠন করতে বলা হয়েছিল। এখনো আদেশের কপি পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি। আদেশের কপি পাওয়ার পর তদন্ত কমিশন গঠনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যারা সঠিকভাবে ওই সহিংসতার ঘটনা তদন্ত করতে পারবেন, তাদেরই কমিশনের সদস্য নিয়োগ করা হবে।"
এদিকে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা নিরসনে আইন মন্ত্রণালয়ের একজন কর্মকতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান শফিক আহমেদ।
সোমবার বিএনপি দলীয় সাংসদ মাহবুব উদ্দিন খোকন এক সংবাদ সম্মেলনে আইন মন্ত্রী ও প্রধান বিচারপতির পরস্পরকে লেখা দুটি চিঠি উদ্ধৃত করে বলেন, "আইন মন্ত্রণালয় প্রধান বিচারপতিকে চিঠি লিখে বলেছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা এক লাখ ২০ হাজার ৯৫ টি। কিন্তু প্রধান বিচারপতি ওই সংখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে দেওয়া চিঠিতে জানিয়েছেন, গত ৩০ এপ্রিল পর্যন্ত মামলার সংখ্যা মাত্র চার হাজার ২'শ ৪৭ টি।"
এমন 'অসত্য' তথ্য পরিবেশনের জন্য প্রধান বিচারপতিসহ দেশবাসীর কাছে আইন মন্ত্রণালয়ের ক্ষমা চাওয়ারও দাবি জানান মাহবুব উদ্দিন।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার যা জানিয়েছে তা সম্পূর্ণ তথ্যভিত্তিক নয়। ২০০১ সালেই আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ২৪ হাজারের বেশি। তাহলে কি গত ৮ বছরে আপিল বিভাগে কোনো মামলা আসেনি? আমি মনে করি, পুরো তথ্য এলে মামলার সংখ্যা আরও অনেক বাড়বে, ভুলটা কোথায় তাও বুঝতে পারা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯১৬ ঘ.
bdnews24