২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহর রক্ষায় নদী খননের উদ্যোগ নিয়েছে পাউবো

সিরাজগঞ্জ শহররক্ষা ও বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধ রক্ষায় খননের মাধ্যমে যমুনা নদীর গতিপথ বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জানাচ্ছেন আমিনুল ইসলাম খান রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

সিরাজগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ শহররক্ষা ও বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধ রক্ষায় খননের মাধ্যমে যমুনা নদীর গতিপথ বদলে দেওয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জানাচ্ছেন আমিনুল ইসলাম খান রানা। পাউবোর পরিকল্পনার মধ্যে আছে- শহররক্ষা বাঁধের উজানে এবং সেতুর উত্তর-দক্ষিণে জেগে ওঠা দুটি চর খনন করে নদীর মূল খাতকে পূর্বদিকে ঘুরিয়ে দেওয়া। এ লক্ষ্যে মঙ্গলবার থেকে নদী জরিপের কাজও শুরু হয়েছে। ১০ জুলাই যমুনা নদীতে ঘূর্ণাবর্ত্যরে কারণে গর্ত সৃষ্টি হয়ে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টের মাঝামাঝি পূর্বপ্রান্তের প্রায় ছয়শ' ফুট ধসে যায়। বালুর বস্তা ও কংক্রিটের ব্লক ফেলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এক সপ্তাহের মাথায় ১৭ জুলাই দুপুরে আগের ভাঙনস্থলের দক্ষিণে ধসে যায় বাঁধের পাঁচশ' ফুট অংশ। পাউবো কর্মকর্তারা মনে করছেন, বড় আকারে খনন (ক্যাপিটাল ড্রেজিং) করে নদীর মূল প্রবাহ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট থেকে ১/২ কিলোমিটার দূরে সরিয়ে পারলে বাঁধ রক্ষা করা যাবে। এতে সিরাজগঞ্জ শহরের পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধও ভাঙনের হুমকি মুক্ত হবে। পাউবো মহাপরিচালক আব্দুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশে পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এ পদক্ষেপ নিয়েছি। প্রকল্পটি আপাতত পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও আগামীতে সুবিধা বুঝে অন্যান্য নদীতেও 'ক্যাপিটাল ড্রেজিং' করা হবে।" এর মধ্যে একটি খনন যন্ত্র সিরাজগঞ্জে আনা হয়েছে এবং অন্যটিও এক সপ্তাহের মধ্যে আসছে বলে জানান তিনি। খনন স্থান নির্বাচনে নদী জরিপের কাজ এবং নকশা প্রণয়নের লক্ষ্যে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউসের সম্মেলন কক্ষে পাউবো'র মহাপরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সোমবার রাতে জরুরি বৈঠক হয়েছে। এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন- পাউবো'র অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী (নক্শা) জসিমউদ্দিন আহম্মেদ, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মো. সুলতান মাহমুদ, নির্বাহী প্রকৌশলী (নক্শা) মো. মোতাহার হোসেন, নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) মোল্লা মুনজুরুল হক, প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল-রাজশাহী) সাজেদুল করিম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বগুড়া বিভাগ) মো. আফজাল হোসেন, সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নিজামুল হক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মালেক এবং আভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. জহিরুল হক এবং জরিপ বিশেষজ্ঞ মো. আমিরুল ইসলাম। নক্শা বিভাগের প্রধান প্রকৌশলী জসিমউদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খনন করে রেখে দিলে কোন লাভ হবে না। সব সময়ই রক্ষণাবেক্ষণ করতে হবে। নদীর গতিপথ হার্ডপয়েন্ট থেকে সরিয়ে পূর্বদিকে কিছুটা সরিয়ে দিতে পারলে শহরও রক্ষা পাবে, সেইসঙ্গে যমুনা সেতু ও ঝুঁকিমুক্ত হবে।" ১০ জুলাই বাঁধ ধসের পর পাউবো মহাপরিচালক বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধে ভাঙনের আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন এর ফলে সেতুও হুমকিতে আছে। যোগাযোগমন্ত্রী এ আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছেন সেতু নিরাপদ। আরও একশ' বছরেও এর কিছু হবে না। ওই সময় ধসের কারণ অনুসন্ধানে পাউবোর অতিরিক্ত মহাপরিচালক মো. হাবিবুর রহমানকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে। যমুনা সেতু উদ্বোধনের পর ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৩৩১ কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। তবে প্রায় প্রতিবছরই বর্ষায় বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৭ ঘ.