২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সাবেক সাংসদ আজিজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দুটি মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও নির্যাতনের অভিযোগে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মওলানা আব্দুল আজিজের বিরুদ্ধে সোমবার দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

গাইবান্ধা, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও নির্যাতনের অভিযোগে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মওলানা আব্দুল আজিজের বিরুদ্ধে সোমবার দুটি মামলা হয়েছে। দুটি মামলায় আরও ১৩ জনকে আসামি করা হয়েছে। গাইবান্ধার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. হায়দার আলীর আদালতে মামলা দুটি করেন সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আনিছুর রহমান এবং শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের আজিজল হক সরকার। হাকিম মামলা দু'টি আমলে নিয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন- পাঁচগাছি শান্তিরাম গ্রামের আব্দুল লতিফ (৫৪), ধুমাইটারী গ্রামের আব্দুর রহিম (৫৬), হাবিবুর রহমান হবিবর (৫৫), সুফিয়ান (৫৭), শান্তিরাম গ্রামের নাজমুল (৫৫), মোহাম্মদ আলী (৫৬), আব্দুস ছামাদ (৫৬), আব্দুল কাদের (৫৪), ধর্মপুর গ্রামের রুহুল আমিন মনজু (৫৭), তছির উদ্দিন (বয়স অজ্ঞাত), বেলকা গ্রামের আব্দুল কাদের মোল্লা (৫৪), আব্দুল মজিদ (৫৪) এবং দুলাল গ্রামের আনিছার রহমান (৫৬)। আনিছুর রহমান অভিযোগ করেন, আসামিরা সবাই মুক্তিযুদ্ধের সময় হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর শান্তি কমিটি, রাজাকার, আলসামস্ ও আলবদর বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। তারা হানাদার বাহিনীর সহযোগিতায় হত্যা, লুন্ঠন, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৭১ সালের ১১ অক্টোবর মওলানা আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজ ও তার সহযোগিদের কথা মত ধর্মপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আকবর আলী পাকিস্তানি সেনাদের ক্যাম্পে যায়। সেখানে তাকে হত্যা করে তারা। আজিজল হক অভিযোগ করেন, ১৯৭১ সালের ৯ অক্টোবর আসামিরা গাইবান্ধার-সুন্দরগঞ্জ সড়কে শ্রীপুর ইউনিয়নের মাঠেরহাট সেতু থেকে তার ভাই গাইবান্ধা কলেজের ছাত্র বয়েজ উদ্দীনকে আটক করে রাজাকার ক্যাম্পে নিয়ে যান। আসামিরা রাতভর তার উপর নির্যাতন চালান। পরদিন সুন্দরগঞ্জ হানাদারদের ক্যাম্পে নিয়ে তাকে হত্যা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.