ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের রচনাবলী তাকে প্রেরণা জুগিয়েছে।
সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইএসটি) সমাবর্তনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।
এদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সভাপতির ভাষণে বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয় অবশ্যই দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করতে হবে বলে মত দেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়ায় ভারতের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, "ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র ও নিকটতম প্রতিবেশী।"
দক্ষিণ এশিয়ায় শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভারতের রাষ্ট্রপতি কালামের ভূমিকার কথাও স্বীকার করেন জিল্লুর রহমান।
এপিজে আব্দুল কালামও সমাবর্তনে বক্তব্য দেন।
তিনি বলেন, একুশ শতকের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সীমান্তবিহীন।
"উন্নয়নশীল দেশগুলোর সামনে অন্যতম চ্যালেঞ্জ হলো ফসিল জ্বালানির ওপর থেকে নির্ভরশীলতা হ্রাস এবং সৌর ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা," বলেন আব্দুল কালাম।
বিজ্ঞানী হিসেবে প্রশিক্ষিত আব্দুল কালাম ভারতের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির স্থপতিদের একজন হিসেবেও পরিচিত।
আব্দুল কালাম বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনাবলী তাকে প্রেরণা জুগিয়েছে।
তামিল ভাষায় অনুবাদ করা নজরুলের একটি কবিতা দিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন।
ইউআইএসটি চেয়ারম্যান মিজানুর রহমান, উপাচার্য আব্দুল আজিজ ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভিও অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২১৪২ঘ.
bdnews24