২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট বন্ধ

ছাত্র বিক্ষোভ ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট (এটিআই) রোববার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

শেরপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট (এটিআই) রোববার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীরা হল ত্যাগ করেছে। তবে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে সকালে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা শহীদ বুলবুল সড়ক, রঘুনাথ বাজার সড়কসহ কয়েকটি স্থানে দোকানপাটে ইট-পাটকেল নিক্ষেপ করলে ব্যবসায়ীরা তাদের প্রতিরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে ৮ জন ছাত্রকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আহত তিন ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আনিছুর রহমান জানান, সকাল ১০টার দিকে ছাত্ররা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে। এ সময় তারা কিছু দোকানপাট ভাঙচূর করলে ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ কর্মকর্তা বলেন, এর প্রতিবাদে ব্যবসায়ীরা শহরের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তাৎক্ষণিকভাবে শহীদ বুলবুল সড়ক মোড়ে এক প্রতিবাদ সভা করে। আনিছুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে বিক্ষুদ্ধ ছাত্ররা কৃষি ইন্সটিটিউট ক্যাম্পাসে ফিরে গিয়ে ৮ দফা দাবির সমর্থনে সমাবেশ করে। এ ঘটনায় শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব হারুন উর রশীদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। আটক ৮ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলেও তিনি জানান। ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. কালিদাস দেবনাথ জানান, দুপুরে এটিআই'র একাডেমিক কাউন্সিলের এক সভায় ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে পরীক্ষা স্থগিত ও শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে বলেও জানান এটিআই অধ্যক্ষ। শিক্ষার্থীদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে- উচ্চ শিক্ষার জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রকৌশল ডিপ্লোমা ছাত্র-ছাত্রীদের মতো চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা চালু, তাদের মতো যাবতীয় সুযোগ সুবিধা প্রদান, ডিপ্লোমা শিক্ষাক্রমে ৭ম পর্বে মাঠ সংযুক্তি প্রশিক্ষণ ভাতা প্রদান, ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রীদের মেধা অনুযায়ী বৃত্তি প্রদান, ছাত্রবাস ও ছাত্রী নিবাসের জন্য সরকারি অনুদান প্রদান, বিষয় ভিত্তক শিক্ষক ও অনুষদ খোলা, ছাত্র-শিক্ষক সংখ্যা ১২ অনুপাত ১ এবং প্রশিক্ষক ও উপসহকারী প্রশিক্ষক ১ অনুপাত ১ নিশ্চিত করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.