ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন বা খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্যের জন্য গঠিত বহুপাক্ষিক দাতা তহবিলে (মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড-এমডিটিএফ) অর্থ সহায়তার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি নেদারল্যান্ডস।
ঢাকায় নেদারল্যান্ডসের বিদায়ী রাষ্ট্রদূত বিয়া তেন তুশা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
সোনারগাঁও হোটেলে তাকে দেওয়া এক বিদায় সংবর্ধনা শেষে ডাচ রাষ্ট্রদূত বলেন, "নেদারল্যান্ডস পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, শিক্ষাসহ অন্যান্য উন্নয়ন খাতের প্রকল্পে অর্থায়ন করছে। তাই আমরা এই বহুপাক্ষিক দাতা তহবিলে (এমডিটিএফ) আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।"
এ ব্যাপারে তার সরকার ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।
ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ বিদায় সংবর্ধনার আয়োজন করে। রাষ্ট্রদূত বিয়া তেন বাংলাদেশে তার দুই বছরের কূটনৈতিক দায়িত্ব পালন শেষে আগামী ২৯ জুলাই ঢাকা ত্যাগ করবেন।
গত বছরের ১০ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি ভবনে বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্যের আহ্বান জানিয়ে যুক্তরাজ্য দেশটির জন্য সাড়ে সাত কোটি পাউন্ডের এই সহায়তা প্যাকেজ (এমডিটিএফ) ঘোষণা করে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিগত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডগলাস আলেক্সান্ডার ওই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
ঘোষণাপত্রে স্বাক্ষর শেষে ডগলাস আলেক্সান্ডার সাংবাদিকদের বলেন, "জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য বাংলাদেশ নিজস্ব সম্পদ থেকে প্রয়োজনীয় কর্মসূচির অর্থায়ন করতে পারবে না। বাংলাদেশের নাজুক অবস্থানের কথা বিবেচনা করে দেশটির জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাজ্য আগামী পাঁচ বছরে সাড়ে সাত কোটি পাউন্ড মঞ্জুরি সহায়তা দেবে।"
ওই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে উন্নয়নশীল দেশের সরকারগুলোকেও তাদের ভূমিকা পালনের আহ্বান জানায় যুক্তরাজ্য ও বাংলাদেশ।
ডেনমার্ক ও নেদারল্যান্ডসসহ অনেক ইউরোপীয় দেশ এই তহবিলে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে।
ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশের ভবিষ্যত অর্থনেতিক অগ্রগতির ব্যাপারে খুবই আশাবাদী।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ সম্পর্কে তিনি বলেন, "আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ এমনকি কঠিন পরিস্থিতিতেও টিকে থাকবে।"
সরকারের গৃহীত সরকারি-বেসরকারি অংশীদারিত্বের উদ্যোগ সম্পর্কে বিয়া তেন বলেন, " সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ব্যাপারে সরকার কিছু বরাদ্দ দিয়েছে। এটি একটি ভালো পদক্ষেপ। কিন্তু এটি বাস্তবায়ন কঠিন হতে পারে।"
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাচ-বাংলা চেম্বারের নেতা হাসান খালেদ, ওসমা তাসের এবং এম আর এ তাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২২২৫ ঘ.
bdnews24