ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি চালুর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কর্মকর্তাদেরকে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানোর পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রোববার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে এসইসি চেয়ারম্যান জিয়াউল হক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রেসিডেন্ট রকিবুর রহমানসহ প্রতিষ্ঠান দুটির আট সদস্যর একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় তিনি এ পরামর্শ দেন।
এ সময় এসইসি ও ডিএসই কর্মকর্তারা আইনমন্ত্রীর কাছে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত মামলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
পরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রতিনিধি দল অভিযোগ করেছে, বিভিন্ন কোম্পানির পরিচালকদের বিরোধের কারণে ডিভিডেন্ট বা লভ্যাংশ ঘোষণা করা যাচ্ছে না। এর ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও জানান, প্রতিনিধি দলের মতে এ ধরনের প্রায় ২৩০টি মামলা দীর্ঘ দিন উচ্চ আদালতে ঝুলছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি হলে দেশে বিনিয়োগের পরিবেশ আরও সুন্দর হবে।
আইনমন্ত্রী শফিক বলেন, "আমি তাদেরকে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে 'বিকল্প বিরোধ নিষ্পত্তি' (এডিআর) পদ্ধতি চালুর জন্য অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাতে বলেছি। প্রস্তাব এলে আইন মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে।"
উচ্চ আদালতে ঝুলে থাকা ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বাণিজ্যিক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হবে কী না- জানতে চাইলে তিনি বলেন, "বেঞ্চ গঠনের এখতিয়ার প্রধান বিচারপতির। আমি মনে করি, তিনি পত্র-পত্রিকায় বিষয়টি দেখলে অবশ্যই ব্যবস্থা নেবেন।"
আইনমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলটির সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও সচিব কাজী হাবিবুল আউয়াল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এমআই/১৬২৫ ঘ.
bdnews24