ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলিত কিশোরী ধর্ষণের বিচার চেয়ে শুক্রবার রাজধানীতে মানববন্ধন হয়েছে।
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে দলিত হিউম্যান রাইটস, দলিত নারী ফোরামসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন অংশ নেয়।
কর্মসূচি পালনকারীরা যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা তৈরিতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানায়।
মানববন্ধনের পর দলিত নেত্রী রানী দাসের সভাপতিত্বে সংক্ষিপ্ত সভা হয়।
সভায় জানানো হয়, গত ৫ জুলাই যশোরের সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে সন্ত্রাসীরা ধর্মীয় অনুষ্ঠান থেকে এক দলিত ঋষী কন্যাকে তুলে ধর্ষণ করেছে।
বক্তারা ধর্ষণকারীর শাস্তি এবং ধর্ষিতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১৯ ঘ.
bdnews24