সিলেট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও দুপুরে খাবার দিয়ে বিদ্যালয়ে আনার চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আগামী বছর থেকে মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।
শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে উৎস প্রকাশন আয়োজিত 'ফিরে দেখা সিলেটের নাগরী' শীর্ষক এক সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নাহিদ বলেন, "অতীতে সিলেট শিক্ষাদীক্ষায় এগিয়ে ছিল। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।"
উৎস প্রকাশনের প্রধান নির্বাহী মোস্তফা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- অধ্যাপক মো. আব্দুল আজিজ, ড. আবুল ফতেহ ফাত্তাহ, ড. আহমদ আল কবীর, ড. তৌফিক রহমান চৌধুরী, আব্দুল মান্নান, অয়েছুর রহমান চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোস্তফা সেলিম বলেন, "সিলেটের প্রাচীন ঐতিহ্য হল নাগরী সাহিত্য। এদেশে কেবল সিলেট অঞ্চলেই বাংলা বর্ণমালার পাশাপাশি নাগরী বর্ণমালার ব্যবহার লক্ষ্য করা যায়। কয়েক শ' বছর সিলেট অঞ্চলে এ বর্ণমালা ব্যাপকভাবে প্রচলিত ছিল। এ ভাষা নিয়ে আমরা গর্ব করতে পারি। এ ভাষাকে সংরক্ষণ করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৮ ঘ.
bdnews24