ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের তালিকাভুক্ত 'শীর্ষ সন্ত্রাসী' বিকাশ কুমার বিশ্বাস প্রায় ১২ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়ে বের হন বিকাশ।
নাম প্রকাশ না করার শর্তে কারা অধিদপ্তরের ঢাকা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিকাশের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
কাশিমপুর কারাগার-২ এর জেলার ফরমান আলীও রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ছুটিতে রয়েছি। তবে বিকাশ সন্ধ্যায় (বৃহস্পতিবার) মুক্তি পেয়েছে বলে আমি জানতে পেরেছি।"
বিকাশের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা জরিপ, আগারগাঁওয়ে জোড়া খুনসহ বেশ কয়েকটি হত্যা ও চাঁদাবাজিসহ অন্যান্য মামলা রয়েছে। আওয়ামী লীগের গত আমলে চার শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ। ওই তালিকায় বিকাশ, প্রকাশ, সুইডেন আসলাম ও জোসেফের নাম ছিল।
১৯৯৭ সালে বিকাশ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন।
বিকাশের ভাই প্রকাশ কুমার বিশ্বাসও সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম। তারা দুই ভাই সন্ত্রাস জগতে প্রকাশ-বিকাশ বাহিনীর মাথা হিসেবে পরিচিত। কারাগারে বসেও বিকাশ মীরপুরসহ রাজধানীর বড় একটি অংশের সন্ত্রাস জগত নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএনএস/এসকে/২২৫২ঘ.
bdnews24