চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রলীগ নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল ও সহ-সম্পাদক রাশেদুল হান্নান রাজীবকে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মজ্ঞুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাঈল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ দুই ছাত্রলীগ নেতা চারটি মামলার আসামী।
তিনি জানান, গত ২২ মার্চ বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বর ও ২৫ এপ্রিল কলা অনুষদের সামনে ঝুপড়িতে ছাত্রলীগের দুই গ্র"পে সংঘর্ষ, ১৪ মে আব্দুর রব হলে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ, ১৫ মে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন চত্বরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পৃথক চারটি মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মো. ইসমাইল হোসেন আরও জানান, তাদের বিরুদ্দে ওই মামলাগুলো ছাড়াও কটেজ (ছাত্রাবাস) দখল, মোবাইল ছিনতাই, দোকানে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রযেছে।
মঙ্গলবার দুপুরে এই দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এসকে/২০৩৩ঘ.
bdnews24