চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক শিল্প সচিব ও দুই পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এজন্য বুধবার সাবেক শিল্প সচিব নুরুল আমিন এবং বর্তমানে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত আবদুল্লাহেল বাকী ও সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাহামুদুর রহমানের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার জন্য তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের তথ্যে এ তিন ব্যক্তির নাম নানাভাবে উঠে এসেছে। কিছু প্রশ্নের উত্তর মেলাতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে অস্ত্র খালাসের সময় শিল্প সচিবের দায়িত্বে থাকা নুরুল আমিন চট্টগ্রাম ছিলেন। অস্ত্র খালাসের বিষয়টি শিল্প সচিবসহ অন্য উর্ধতন কর্মকর্তারা জানতেন বলে সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন তালুকদার তার জবানবন্দিতে উল্লেখ করেন।
এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তার সে সময়ের ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকায় তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার দুই সাক্ষী সাবেক পুলিশ সার্জেন্ট আলাউদ্দিন ও হেলাল উদ্দীন জিজ্ঞাসাবাদে জানান, ওই দুই কর্মকর্তার নির্দেশে অস্ত্র আটকের পর গ্রেপ্তার পাঁচ কথিত 'উলফা' সদস্যকে ছেড়ে দেওয়া হয়।
অস্ত্র খালাসের সময় আবদুল্লাহেল বাকী চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) এবং মাহামুদুর রহমান সহকারী পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে একই মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি। রোববার এ আবেদনের শুনানি হবে।
এর আগে লিয়াকতকে অস্ত্র আটক মামলায় দুই দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৬ মে ঢাকার গ্রিনরোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/এএনএস/ডিডি/০১৩৩ ঘ.
bdnews24