চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় অধিকতর তদন্তের জন্য আবারও সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
এ নিয়ে পঞ্চম দফা সময় বাড়ানোর আবেদন করা হল।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরী সোমবার মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহের আদালতে আরও ৯০ দিন সময় বাড়ানোর আবেদন করেন।
আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ২২ জুলাই এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ শেষ হচ্ছে। ওইদিনই সময় বাড়ানোর আবেদনের ওপর শুনানি হবে।
মনিরুজ্জামান চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বিতীয় দফা সময় বাড়ানোর পরও অস্ত্র পরিবহনকারী জাহাজ শনাক্ত করতে না পারা এবং অস্ত্র খালাসের সময় উপস্থিত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সম্পর্কে সুস্পষ্ট তথ্য না থাকায় আবারও তদন্তের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার দীর্ঘদিন পর অনেক আলামত নষ্ট হয়ে গেছে। এ কারণে তদন্তকাজ গুছিয়ে আনতে বেগ পেতে হচ্ছে।
গত ১২ মে বর্তমান তদন্ত কর্মকর্তা দ্বিতীয়বারের মতো তদন্তের সময় বাড়ানোর আবেদন করেন। পরদিন মহানগর দায়রা জজ ২২ জুলাই পর্যন্ত এ সময় বাড়ান।
এর আগে ২০০৭ সালের ১৯ নভেম্বর তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনা অধিকতর তদন্তের জন্য আবেদন করলে আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের আদেশ দেয়। এর প্রেক্ষিতে সিআইডির সহকারী সুপারিনটেনডেন্ট ইসমাঈল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু দুই দফা সময় নিয়েও তিনি মামলার কোন অগ্রগতি করতে পারেননি। পরে রাষ্ট্রপক্ষ ২০০৮ সালের ১৮ জানুয়ারি আবারও তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করলে মনিরুজ্জামান চৌধুরীকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়।
কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসের সময় পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে।
পরদিন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদী হয়ে অস্ত্র ও চোরাচালানের আলাদা দু'টি মামলা করেন। তদন্ত শেষে সিআইডি অস্ত্র মামলায় ৪৩ জন এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি করে আলাদা দুটি অভিযোগপত্র জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/ডিডি/০১২০ ঘ.
bdnews24