ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সব মানুষের খাদ্যের নিশ্চয়তা দিতে কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, দেশের সব মানুষের জন্য খাদ্য নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়াতে হবে।
বুধবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত 'আগামী দিনের কৃষিশিক্ষা ও গবেষণা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ্-ই-আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়া।
স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামাল, অধ্যাপক শা'দাত উল্লাহ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অধ্যাপক নূরুল ইসলাম ও ছাত্র আল-সামসুল হক সাগর এতে বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষি ক্ষেত্রে গবেষণা জোরদার করতে বিজ্ঞানী ও গবেষকদের জন্য সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা শিথিল করা হচ্ছে। কৃষি খাতে একটি গবেষণা শেষ করতে সাত থেকে আট বছর লাগে। গবেষণা শেষ করার আগেই কোন বিজ্ঞানী অবসরে গেলে পুরো গবেষণাই অর্থহীন হয়ে যায়। তাই সরকার বিজ্ঞানী ও গবেষকদের অবসরের বয়সসীমা শিথিল করার কথা ভাবছে।
তিনি বলেন, বিজ্ঞানী বা গবেষকদের মধ্যে যারা চাকরির বয়স শেষ হওয়ার পরও কাজ করতে সক্ষম এবং গবেষণা করতে আগ্রহী সরকার তাদের বিশেষ ব্যবস্থায় চাকরিতে রেখে গবেষণা পরিচালনার সুযোগ দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩৫৮ ঘ.
bdnews24