নীলফামারী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েরিন্টফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত এক সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণ করেছে।
এ অভিযোগে একইদিন রাতে সৈয়দপুর থানা পুলিশ সাত জনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- সৈয়দপুর পৌর এলাকার কুন্দল গ্রামের রোমান (২২), সহিদুল ইসলাম মিলন (২৩), সেলিম (৩০), শাহজাহান (২৬), দিলদার (২৫), রফিকুল ইসলাম (২৫) ও সিরাজুল ইসলাম (১৫)।
বুধবার দুপুরে তাদের নীলফামারীর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মনসুর আলম ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সন্ধ্যায় তাদের সৈয়দপুর থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গাইবান্ধা সদর উপজেলার কোমরনই গ্রামের বাসিন্দা ওই সেনা সদস্য যশোর সেনানিবাসে কর্মরত। ছুটিতে এসে মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দপুর শহরে কেনাকাটা শেষে স্ত্রীকে নিয়ে রিকশায় পাশের দিনাজপুর জেলার চিরির বন্দর এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে সৈয়দপুর কলেজের সামনে পৌঁছলে ১৫/১৬ জন যুবক বন্ধু পরিচয় দিয়ে তাদের নামায়। এরপর একটি দোকানে নিয়ে গিয়ে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তাদের অচেতন করে। পরে পাশের একটি মাঠে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে।
এ সময় সৈয়দপুর থানা পুলিশের একটি টহল দল ওই মাঠে জটলা দেখে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ রাত ৯টার দিকে নির্যাতিতাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় বুধবার সকালে তাকে সৈয়দপুর সেনানিবাস হাসপাতালে স্থানান্তর করা হয়।
নীলফামারীর পুলিশ সুপারিনটেনডেন্ট গোলাম রসুল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সব আসামি গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েরিন্টফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24