কক্সবাজার, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে মঙ্গলবার প্রবল ঝোড়ো হাওয়ায় টেকনাফ উপকূলে ডুবে যাওয়া দেড়শ'র বেশি ইঞ্জিনচালিত মাছধরা নৌকার অধিকাংশই রাতে জোয়ারে ভেসে কূলে ফিরেছে। তবে ২০টি নৌকা এবং চারজন জেলে নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার ৩০/৩৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে টেকনাফের সাবরাং, সদর ও বাহারছড়া ইউনিয়নের ১৫০টিরও বেশি মাছধরা নৌকা উপকূলের কাছে এসে ডুবে যায়। ওই সময় সাগরে জোয়ার থাকায় অধিকাংশ নৌকাই জোয়ারের তোড়ে উপকূলে ভেসে আসে।
তিনি বলেন, "এখন পর্যন্ত ৭টি নৌকা ও ৪ জন জেলে নিখোঁজ রয়েছে।
"নিখোঁজ জেলেরা হলেন- টেকনাফ পৌর এলাকার ইসলামাবাদের রশিদ আহমদ (৩০), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার রশিদ আহমদ (৩৫), কালা মিয়া (৩৬) ও রমিজ উদ্দিন (২৮)। শেষ দু'জনের ঠিকানা পাওয়া যায়নি।"
তবে স্থানীয় জেলেরা জানিয়েছেন, এখনও ২০টি নৌকা নিখোঁজ রয়েছে। এগুলোর মধ্যে মোস্তাক আহমদের ২টি, শামসুল আলমের ২টি ও আবুল কাশেমের ২টি এবং আবুল কাশেম, সৈয়দুর রহমান, আলী আহমদ, মৌলভী শামসু, দেলোয়ার হোসেন, হামিদ হোসেন, আশরাফ মিয়া, জাকির হোসেন, মোহাম্মদ মাহবুব ও কালা মিয়ার একটি করে। ৪টি নৌকার মালিকের নাম জানা যায়নি।
মঙ্গলবার গভীর রাতেও উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমদের নেতৃত্বে রেড ক্রিসেন্ট কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে আরও ৭ জেলেকে উদ্ধার করেছে। এরা হলেন- নুরুল আমিন ভুলু, আজিজ আহমদ, জাফরুল ইসলাম, আবদুল হাকিম, আদুলু, শামসুল আলম ও মোহাম্মদ শামসু।
এর আগে তারা ২০-৩০ জন জেলেকে জীবিত উদ্ধার করেন।
এলাকাবাসী এবং নৌকার মালিকরা জানান, মঙ্গলবার ভোররাতে সাগরে মাছ ধরতে যায় টেকনাফের সহস্্রাধিক ছোট আকারের ট্রলার। মাছ ধরা শেষে ফেরার পথে দুপুরে হঠাৎ ওঠা ঝড়ে অনেকগুলো ট্রলার ডুবে যায়। ঢেউয়ের কবলে পড়ে কয়েকটি ট্রলার ভেঙেও যায়। দুইশ'র বেশি জেলে সাঁতারে তীরে উঠতে সক্ষম হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১১০ঘ.
bdnews24