ঢাকা জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর গোয়েন্দা পুলিশ মীরপুর 'স্বাধীন বাংলা সুপার মার্কেটে' গুলি ও হত্যাকাণ্ডের মামলার তদন্ত শুরু করেছে।
সোমবার দুপুরে মীরপুর সনি সিনেমা হলের বিপরীতের ওই মার্কেটে সন্ত্রাসীরা গুলি চালালে একজন নিহত ও সাতজন আহত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আতিয়ার রহমান বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পর থেকেই থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যরা মামলাটির তদন্ত শুরু করেছেন। তবে বুধবার বিকাল থেকে মামলাটি আনুষ্ঠানিকভাবে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।"
তদন্তকারী কর্মকর্তা জানান, এ পর্যন্ত মামলায় সন্দেহভাজন হিসাবে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন শমসের আলী ও জেবিন। তিনি বলেন, মার্কেট নির্মাণের আগে এই 'বিরোধপূর্ণ' জায়গাটি এদের দখলে ছিল।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," আনুষ্ঠানিকভাবে আমরা মামলাটির তদন্তকাজ শুরু করেছি। শীঘ্রই এই মামলায় আশাব্যঞ্জক কিছু জানা যাবে বলে আশা করছি।"
আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার দু'জনকে আদালতে পাঠিয়ে পুলিশ আইনী হেফাজতের আবেদন করলেও তা নামঞ্জুর হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৩৫ঘ.
bdnews24