ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগে চার বিচারপতিকে নিয়োগ দেওয়ার পর বুধবার হাইকোর্টের ৯টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এগুলো পুনর্গঠন করেন।
গত ১৪ জুলাই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আপিল বিভাগে বিচারপতি বি কে দাস, বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহাকে নিয়োগ দেন। বৃহস্পতিবার তারা শপথ নেবেন।
এই নিয়োগকে কেন্দ্র করে হাইকোর্টের বেঞ্চগুলো পুনর্গঠন করা হলো।
পুনর্গঠন অনুযায়ী বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. শামসুল হুদার বেঞ্চকে রিট মোশন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. বজলুর রহমানকে ফৌজদারি মোশন, বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি ফারাহ মাহবুবকে দেওয়ানী মোশন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনকে ফৌজদারি মোশন এবং বিচারপতি মাশুক হোসেন আহমেদ ও বিচারপতি এম ইনায়েতুর রহিমকে দেওয়ানী বিষয় শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
এছাড়া বিচারপতি শামীম হাসনাইন, বিচারপতি মো. আবু তারিক, বিচারপতি মো. ফজলুর রহমান ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদকে একক বেঞ্চে দেওয়ানী মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
গত ২৯ জুন প্রধান বিচারপতি হাইকোর্টের ২২টি বেঞ্চ পুনর্গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২০০২ঘ.
bdnews24