ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ান-ইলেভেনের জন্য কূটনীতিকদের ভূমিকা ছিল না- যুক্তরাজ্যের হাইকমিশনারের এই দাবির মধ্যেই বাংলাদেশে ওই রাজনৈতিক পটপরিবর্তনের জন্য বিদেশি মিশনগুলোকেই দুষলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে আরও পাঁচ মাস সময় দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যদিও ইসি বলে আসছে, ওই আইন সংশোধনের এখতিয়ার সরকারের। তারা শুধু সুপারিশ করতে পারেন।
দেলোয়ার জানান, বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করবে।
হাইকমিশনার স্টিফেন ইভান্স বুধবার সকালে এক মতবিনিময় সভায় বলেন, আমি মনে করি না, জরুরি অবস্থা জারি করে বাংলাদেশকে দুই বছর গণতন্ত্রহীন রাখার ক্ষেত্রে আমার পূর্বসূরি আনোয়ার চৌধুরী কিংবা অন্য কোনও কূটনীতিকের কোনও ভূমিকা ছিল।
ইভান্স বিএনপিকে সংসদে ফিরে যাওয়ার আহ্বান জানান।
এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বিকালে সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থা, ওয়ান-ইলেভেন, উনারাই (কূটনীতিক) তো সম্পৃক্ত ছিলেন। এটা দেশের জনগণ জানে।"
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির কাউন্সিলসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
দেলোয়ার বলেন, "আমরা স্বচ্ছ ও গ্রহণযোগ্য কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলকে সংগঠিত করতে চাই। এজন্য দলের কাউন্সিল করতে ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করার প্রয়োজন। নির্বাচন কমিশন ইচ্ছা করলেই এই সময় বর্ধিত করতে পারেন।"
তিনি জানান, বিএনপির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার এ নিয়ে আলোচনা করতে ইসিতে যাবে। ওই আলোচনার পর দলের স্থায়ী কমিটি বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
নির্বাচন কমিশনাররা বলে আসছেন, ছয় মাসের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়া এখন আইনের অংশ। তবে কোনও দল আবেদন করলে ইসি সময় বাড়াতে আইন মন্ত্রণালয়ে সুপারিশ করবেন।
আওয়ামী লীগ এর আগে সময় বাড়ানোর আবেদন করার সিদ্ধান্ত নিলেও এ সপ্তাহেই ঘোষণা দিয়েছে, স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ সময়ের একদিন আগে ২৪ জুলাই তাদের কাউন্সিল হবে।
আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠান আকস্মিক ঘোষণার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশ পাস করার পর জেনেশুনে কেন আওয়ামী লীগ ৬ মাস সময় বাড়ানোর আবেদন জানানোর সিদ্ধান্ত নিল। এখন কেনইবা আবার সেই অবস্থান থেকে সরে দাঁড়াল, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা উদ্দেশ্যমূলক।"
দেলোয়ারের দাবি, বিএনপিকে বেকাদায় ফেলতেই আওয়ামী লীগ এ কৌশল নিয়েছে। যদিও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বলেছেন, কাউকে বিপাকে ফেলতে তারা কাউন্সিলের ঘোষণা দেননি। আর বিএনপিসহ কোনও দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র জমা দেওয়ার সময় বাড়ানো হলে তাতে আওয়ামী লীগের আপত্তি নেই।
দেলোয়ার বলেন, "আওয়ামী লীগ যখন ৬ মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তখন তারা বলেছিল, বর্ষাকাল, ২২টি কমিটির কাউন্সিল হয়নি ইত্যাদি। এখন আমাদের জিজ্ঞাসা- ২৪ জুলাইয়ের কাউন্সিলের জন্য মাত্র ৯দিন বাকি। এ সময়ের মধ্যে ২২টি কমিটির কাউন্সিল কীভাবে তারা করবেন?"
বিএনপি মহাসচিব জানান, গত ফেব্র"য়ারি থেকে বিএনপি তৃণমূল পর্যায় থেকে নতুনভাবে কাউন্সিলের মাধ্যমে দল গোছানোর কাজ করছে। ডিসেম্বরের ভেতরে সব কিছু শেষ হবে।
তিনি বলেন, "আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে চাই।"
নির্বাচন কমিশন ও সরকার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে- এ অভিযোগ করে দেলোয়ার বলেন, "এর আগে জরুরি অবস্থার সময়ে তত্ত্বাবধায়ক সরকার বিএনপিকে টুকরো টুকরো করতে অনেক কিছু করে ব্যর্থ হয়েছে। এবার এই সরকারও তা করছে। এটা দেশের মানুষ মেনে নেবে না।"
নির্বাচন কমিশনের পদত্যাগ চান কিনা- জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, "পরিস্থিতিটি দেখে নেই। কাল আমাদের প্রতিনিধি দল আলোচনা করে আসুক।"
এ সময়ে দলের যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, অধ্যাপক এম এ মান্নান, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক সাংসদ সেলিম রেজা হাবিব, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭৪৯ ঘ.
bdnews24