রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি মদদদান এবং দুর্নীতি মামলায় সাড়ে ৩৪ বছরের সাজাপ্রাপ্ত রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে প্রতারণা ও চাঁদাবাজির একটি মামলায় তিনি অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এবিএম মাহমুদুল হকের আদালতে জামিন আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
মামলার বিবরণে জানা যায়, তানোর উপজেলার বেলঘোরিয়া গ্রামের আমিনুল ইসলাম জুয়েলের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ৮০ হাজার টাকা নিয়ে প্রতারণা করেন শীশ মোহাম্মদ। এ ঘটনায় ২০০৭ সালের ২০ মে শীশ মোহাম্মদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জুয়েল। এ মামলায় সাবেক জোট সরকারের মন্ত্রী আমিনুল হক এবং তানোর চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনও আসামি। আমিনুল হক এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং মফিজ উদ্দিন জামিনে রয়েছেন।
এ ছাড়া বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের ফজলুল হক জঙ্গি মদদদান ও নির্যাতনের অভিযোগে আমিনুল হক ও শীশ মোহম্মদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০৮ সালে তাদের প্রত্যেকের ৩১ বছর ৬ মাস করে সাজা হয়। এ ছাড়া সম্পদের হিসাব গোপন রাখায় শীশ মোহাম্মদের আরও ৩ বছরের সাজা হয়।
এ নিয়ে শীশ মোহাম্মদের বিরুদ্ধে ৬টি মামলা বিচারাধীন আছে।
তত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর শীশ মোহাম্মদ পলাতক ছিলেন। এই প্রথম তিনি আদালতে হাজির হন।
শীশ মোহাম্মদের আইনজীবীরা ডিভিশনের আবেদন করলে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৯ ঘ.
bdnews24