২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মই বিআরডিবিতে নিয়মে পরিণত হয়েছে: নানক

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) অনিয়ম-দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 05:58 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (বিআরডিবি) অনিয়ম-দুর্নীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, "অনিয়ম ও দুর্নীতিই যেন প্রতিষ্ঠানটিতে নিয়মে পরিণত হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পঙ্গু হয়ে পড়ে রয়েছে। কিন্তু বিভিন্ন এনজিও ঠিকই চড়া সুদে ঋণ দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।" পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে আগামী সাড়ে চার বছরের জন্য দীর্ঘ ও স্বল্প মেয়াদী পরিকল্পনা বিষয়ক পরামর্শ সভায় প্রতিমন্ত্রী মঙ্গলবার এসব কথা বলেন। সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সভাকক্ষে প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক হয়। নানক বলেন, বিআরডিবিকে দীর্ঘদিন ধরে অচল করে রাখা হয়েছে। এ প্রতিষ্ঠানটিকে সক্রিয় ও সচল করে দেশের মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। এজন্য সব প্রতিবন্ধকতা দূর করতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব সমর চন্দ্র পাল এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আবুল বারাকাতসহ সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২৩০০ ঘ.