চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিডনউিজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার মোহাম্মদ নাছিরের সহযোগী আইয়ুব আলী রাশেদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার রাতে জেলার হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাশেদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা আলী মর্তুজা, আওয়ামী লীগ নেতা ফারুক ও সোলায়মান হত্যা এবং বেইস টেক্সটাইলের ৫৬ লাখ টাকা ছিনতাইসহ অর্ধ ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির নাছিরের অন্যতম সহযোগী রাশেদ দীর্ঘদিন ধরে এলাকায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সোমবার রাতে সরকারহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে তাকে চট্টগ্রামের বিচার বিভাগীয় হাকিমের আাদলতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
হাটহাজারীর পুলিশ কর্মকর্তারা জানান, রাশেদকে জিজ্ঞাসাবাদ করতে হেফাজতে নেওয়ার জন্য বুধবার আদালতে আবেদন করা হতে পারে।
তারা জানান, শীর্ষ সন্ত্রাসী নাছিরের অপর দুই সহযোগী শিবির ক্যাডার নাছির ওরফে গিট্টু নাছির এবং দেলোয়ার ওরফে আজরাইল দেলোয়ার 'ক্রসফায়ারে' মারা যাওয়ার পর রাশেদই অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন। তাকে জিজ্ঞাসাবাদ করে শিবির ক্যাডারদের অস্ত্র ভাণ্ডারের তথ্য পাওয়া যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24