ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে ঢাকা মহানগরের লালবাগ থানার দু'টি পলিথিন কারখানার মালিককে আদালত অর্থদণ্ড দিয়েছে।
লালবাগসহ পুরনো ঢাকার বিভিন্ন স্থানে 'গোপনে' উৎপাদিত নিষিদ্ধ পলিথিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই বাজার ও দোকানপাটে কার্যত অবাধে ব্যবহৃত হচ্ছে।
বেআইনী পলিথিন উৎপাদনের দায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন "মক্কা পলিথিন"এর মালিক মো. আলাউদ্দিন এবং "কোকো প্যাকেজিং" এর মালিক মো. খোকন আহসান হাবিব।
মঙ্গলবার ঢাকা বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম ২০০৮ সালের দু'টি পরিবেশ মামলায় এ রায় ঘোষণা করেন।
নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের উৎপাদন বন্ধের লক্ষ্যে গঠিত টাস্কফোর্সের অভিযানে পলিথিন ব্যাগ উৎপাদনরত অবস্থায় আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামীরা দোষ স্বীকার করায় আদালত নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে অভিযুক্তদের প্রত্যেককে চৌদ্দ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ মাস কারাদণ্ডে দণ্ডিত করেন। কারখানা দু'টি বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।
পলিথিনের ব্যাগের পুরুত্ব ও আকৃতিজনিত আইনের ফাঁক, নমনীয় দণ্ড ও নাগরিক সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে নিষিদ্ধ হলেও দেশজুড়ে পলিথিনের ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধ হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০২২ঘ.
bdnews24