ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর স্থাপনের কাজ আগামী বছর শুরু হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহণমন্ত্রী আফসারুল আমীন।
বুধবার সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ওই সমুদ্রবন্দর স্থাপনের প্রথম পর্যায়ের কাজ ২০১৫ সালের মধ্যে শেষ হবে আশা প্রকাশ করে আফসারুল জানান, ২০১৬-২০১৭ সাল নাগাদ ওই বন্দরে পণ্য ওঠানামার কাজ শুরু করা যাবে।
তিনি আরও জানান, তিনটি পর্যায়ে ওই সমুদ্রবন্দর স্থাপনের কাজ পূর্ণাঙ্গভাবে শেষ করতে ব্যয় হবে ৬০ হাজার কোটি টাকা। সময় লাগবে ২০৫৫ সাল পর্যন্ত।
গভীর সমুদ্রবন্দর স্থাপনের সম্ভাব্যতা নিয়ে এ সংক্রান্ত জাপানের পরামর্শক প্রতিষ্ঠান প্যাসিফিক কনসালটেন্টস ইন্টারন্যাশনালের জমা দেওয়া প্রতিবেদন নিয়ে বুধবার আন্তঃমন্ত্রণালয় সভায় আলোচনা হয়।
সভা শেষে আফসারুল আমীন বলেন, "২০১০ সালের শেষ নাগাদ গভীর সমুদ্রবন্দরের কাজ শুরু করা যাবে বলে আমরা আশা করছি। ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ের কাজ শেষ হতে ২০১৫ সাল লেগে যাবে। এরপরই বন্দরে পণ্য খালাসের কাজ শুরু করা যাবে।"
সভায় গভীর সমুদ্রবন্দরের অর্থনৈতিক ও কৌশলগত দিক নিয়ে আলোচনা হয় বলে তিনি জানান।
মন্ত্রী আশা প্রকাশ করেন, গভীর সমুদ্রবন্দর চালু হলে দেশের আমদানি-রপ্তানিতে গতি আসবে। এতে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে।
প্রথম পর্যায়ের কাজ শেষের পর ২০৩৫ সালে দ্বিতীয় পর্যায়ের কাজ এবং ২০৫৫ সাল নাগাদ তৃতীয় পর্যায়ের কাজ শেষ হবে বলে আফসারুল জানান।
তিনি বলেন, প্রথম পর্যায়ে বন্দরে ৯টি জেটি থাকবে। ৪টি কার্গো এবং ৫টি কনটেইনার জেটি।
নৌমন্ত্রী জানান, প্রতিবেদনটি অর্থনীতি সম্পর্ক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানো হবে। এর সঙ্গে কারিগরি মূল্যায়ন কমিটির প্রবিবেদেনও পাঠানো হবে। সেখানে চূড়ান্ত করার পর এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।
বন্দর নির্মাণে অর্থনৈতিক বিনিয়োগ সম্পর্কে আফসারুল বলেন, "গভীর সমুদ্র বন্দর আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। আমরা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) দিকে যাব। মোট ব্যয়ের ৩০ শতাংশ চট্টগ্রাম বন্দর থেকে সংগ্রহ করা হবে। ৭০ শতাংশ আসবে পিপিপি থেকে।"
তিনি বলেন, "আমাদের দু'টি সমুদ্রবন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অনেক উন্নতি হয়েছে। মংলা বন্দরকে আরও কার্যকর করতে সরকার আগ্রহী।"
নৌপরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর ও সিঙ্গাপুর বন্দরের মধ্যে দূরত্ব ১২০০ নটিক্যাল মাইল। গভীর সমুদ্র বন্দর হলে মাদার ভেসেলগুলো যদি সোনাদিয়ায় চলে আসে তাহলে সেখান অল্প সময়ে চট্টগ্রাম ও মংলা বন্দরে যেতে পারবে।
সোনাদিয়া থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার।
তিনি বলেন, "গভীর সমুদ্রবন্দর হলে সময় কমার পাশাপাশি খরচও কমে যাবে। রপ্তানি ব্যয় ও সময় কমবে। কমবে আমদানি খরচও। এতে ভোক্তাদের ওপর চাপ কমবে।"
আফসারুল জানান, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীনের কুমনিং এ বন্দর ব্যবহার করতে পারবে।
তিনি বলেন, নকশা প্রণয়ন, দরপত্র আহ্বানসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে এক বছর লেগে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এমআরএফ/এমআই/১৮২৮ ঘ.
bdnews24