ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, কোনো দলকে বিপদে ফেলতে নয়, আইনি বাধ্যবাধকতার কারণেই এত কম সময়ের নোটিশে কাউন্সিল করছে আওয়ামী লীগ।
মঙ্গলবার দলীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির প্রথম সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মুখপাত্র এ কথা বলেন।
আশরাফুল ইসলাম বলেন, '' আওয়ামী লীগের মতো বৃহৎ দলের অল্পদিনের মধ্যে কাউন্সিল অনুষ্ঠান একটি ঝুঁকিপূর্ণ কাজ। তারপরও আইনি বাধ্যবাধকতার কারণে আমাদের তা করতে হচ্ছে। এটা কোনো দলকে বিপদে ফেলার জন্য নয়।''
বিএনপি অভিযোগ করেছে, তাদের নিবন্ধনের বাইরে রাখতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 'ষড়যন্ত্র' করছে।
আশরাফ বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের এ বিষয়ক মন্তব্যকে 'দুঃখজনক' বলে অভিহিত করেন।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হয় কাউন্সিল প্রস্তুতি কমিটির ওই সভা। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
সোমবার দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভায় ২৪ জুলাই দলের কাউন্সিল কররা সিদ্ধান্ত হয়।
সৈয়দ আশরাফ আরও বলেন,'' বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল কাউন্সিল অনুষ্ঠানের জন্য সময় বাড়ানোর আবেদন করলে এবং নির্বাচন কমিশন সময় বাড়ালে আওয়ামী লীগের আপত্তি থাকবে না।''
ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান জানান, সম্মেলনে কাউন্সিলর হবে পাঁচ হাজার দুইশ' ৫৩ জন।
আশরাফ সম্মেলনের জন্য বিভিন্ন কমিটি গঠনের চিত্র তুলে ধরেন। সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে অর্ভ্যথনা কমিটি, ওবায়দুল কাদেরের নেতৃত্বে ব্যবস্থাপনা , এবিএম তাজুল ইসলামের নেতৃত্বে শৃঙ্খলা, আসাদুজ্জামান নূরের নেতৃত্বে প্রচার, নূহ উল আলম লেনিনের নেতৃত্বে তথ্য, আব্দুল মান্নান খানের নেতৃত্বে দপ্তর এবং ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে স্বাস্থ্য উপ-কমিটি গঠন করা হয়েছে। খাদ্যের দায়িত্ব থাকবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
বুধবার উপ-কমিটির প্রধানরা বসে পূর্ণাঙ্গ কমিটি করবেন বলে জানান সৈয়দ আশরাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এসকে/২২৩০ঘ.
bdnews24