রাজশাহী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীতে রিকশা ভাড়া নির্ধারণ এবং বাস সার্ভিস চালুর দাবিতে সিটি করপোরেশনের মেয়রকে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার দুপুরে পরিষদের নেতারা নগর ভবনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর হাতে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, নগরীতে রিকশা ভাড়ার ক্ষেত্রে কোন নিয়ন্ত্রণ না থাকায় চালকদের দৌরাত্ম বেড়ে গেছে। বিভিন্ন পয়েন্টে সিন্ডিকেট করে তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।
সহজ ও সুলভে নগরবাসীর যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে শহরে বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।
পরিষদ নেতা জামাত খান বলেন, নগরীতে ৪০ হাজার রিকশা চলাচল করলেও বৈধভাবে চলে প্রায় ১৬ হাজার। রিকশা ভাড়া নির্ধারণ কিংবা চলাচলের ক্ষেত্রে সিটি করপোরেশনের কোনো নিয়ন্ত্রণ নেই।
অবিলম্বে ভাড়া নির্ধারণ করে দিয়ে বিভিন্ন পয়েন্টে তালিকা টানিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আলোচনা করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন, সংগ্রাম পরিষদের নেতা লিয়াকত আলী, মিজানুর রহমান বাদল, রাজশাহী চেম্বার সভাপতি আবু বাক্কার, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান, মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সম্পাদক কল্পনা রায় প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24