ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগীর কাছ থেকে চিকিৎসাপত্র এবং প্যাথলজিকাল টেস্টসহ সব ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভ্যাট আদায় বেআইনি, সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে এ ধরনের ভ্যাট আদায় না করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহম্মেদের বেঞ্চ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেয়।
রিটকারী পক্ষে শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ১৯৯১ সালের ভ্যাট আইনের ৩ ধারা অনুসারে সেবা প্রদানকারীদের মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রদানের বিধান থাকলেও রোগীর কাছ থেকে ভ্যাট আদায় করা হচ্ছে। এটি সংবিধান পরিপন্থী।
তিনি বলেন, ২০০৪ সালের আগে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা ভ্যাট থেকে অব্যাহতিপ্রাপ্ত সেবা হিসেবে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ২০০৪ সালে ভ্যাট আইনে সংশোধনী এনে 'দন্ত চিকিৎসা, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও বিশেষজ্ঞ ডাক্তার' এই শব্দ সংযোজন করে এই সেবা ছাড়া অন্যান্য সেবাকে ভ্যাট থেকে অব্যাহতিপ্রাপ্ত সেবা হিসেবে রাখা হয়েছে। এর ফলে রোগীর কাছ থেকে ভ্যাট আদায় করা হচ্ছে।
অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহম্মেদ, মো. আব্দুল বারী ও গোলাম মোস্তফা গত ১৫ ফেব্র"য়ারি রিটটি দায়ের করেছিলেন।
রিটে বিবাদি ছিলেন- অর্থ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭২৪ ঘ.
bdnews24