ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ঋণ বিতরণে অনিয়ম-দুর্নীতি এড়াতে এবার ঢাক-ঢোল পিটিয়ে কৃষকদের সমবেত করে কৃষি ঋণ বিতরণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "প্রকৃত কৃষকরা ঋণ পায় া বলে অভিযোগ রয়েছে। ঋণ বিতরণের ক্ষেত্রে অনেক অনিয়মের অভিযোগও রয়েছে। এসব ঠেকাতে এবার এলাকার লোকজনকে ঢাকঢোল পিটিয়ে সমবেত করে তাদের সামনে কৃষকদের ঋণ বিতরণের ব্যবস্থা করা হবে।"
চলতি ২০০৯-১০ অর্থবছরের কৃষি-পল্লী ঋণ নীতিমালা এবং কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর একথা বলেন।
চলতি অর্থবছরে ব্যাংকগুলোর জন্য ১১ হাজার ৫১২ কোটি ৩০ লাখ টাকার রেকর্ড পরিমাণ কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আতিউর রহমান বলেন, "সাধারণত গ্রাম থেকে টাকা শহরে আসে। আমরা চাই, শহর থেকে টাকা গ্রামে যাক। এ বিষয়টি বিবেচনায় রেখেই কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"
এবার চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও দুটি বিশেষায়িত (কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) ব্যাংকের জন্য ৮ হাজার ৪৫৩ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে।
এছাড়া ২৯টি বেসরকারি ব্যাংকের জন্য ২ হাজার ৫৯৪ কোটি ৪০ লাখ টাকা এবং ১০টি বিদেশি ব্যাংকের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬৪ কোটি ৯০ লাখ টাকা।
২০০৮-০৯ অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৩৮৯ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর নজরুল হুদাসহ কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৪১৯ ঘ.
bdnews24