সাতক্ষীরা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরায় তিন 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার সাতক্ষীরার বিচার বিভাগীয় হাকিম এম এ সাঈদের আদালতে মামলাটি করেন উপজেলার বড় দূর্গাপুর গ্রামের শহীদ কিনু সরদারের ছেলে বাবর আলী সরদার।
হাকিম মামলাটি এজাহার হিসাবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নিতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আসামিরা হলেন- আশাশুনি উপজেলার পোদণ্ডা গ্রামের ছইল উদ্দীন গাজীর ছেলে নেছার উদ্দীন, গাজীপুর গ্রামের মিনাজ উদ্দীনের ছেলে আব্দুর রউফ সরদার এবং শ্রীকলস গ্রামের কফিল উদ্দীন গাইনের ছেলে হোসেন গাইন।
বাবর অভিযোগ করেন, তারা বাবা মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করায় ১৯৭১ সালের ৯ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে আসামিরা পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় তাদের বাড়ি ঘেরাও করে। তার বাবাকে মারধর করার পর গুলি করে হত্যা করে আসামিরা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতের আদেশের কাগজপত্র এখনও থানায় পৌঁছায়নি। হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24