ফরিদপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রোববার রাতে এক এনজিও কর্মীকে শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শিউলী আক্তার (৩০) নামের ওই এনজিও কর্মী বোয়ালমারীর দাদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুস সবুরের স্ত্রী। সানজিদা (৬) নামে তাদের এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় শিউলির বাবা বারেক মোল্লা চারজনকে আসামি করে বোয়ালমারী থানায় একটি মামলা করেছেন।
চার আসামির মধ্যে পুলিশ রঞ্জু সর্দার (২৫) ও বিপুল সর্দার (২৬) নামের দু'জনকে গ্রেপ্তার করেছে। অপর দু'জন রিপন মোল্লা (২৮) ও ওবায়দুর রহমান (২৫) পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যোশাল ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) নামের এনজিও'র বোয়ালমারী কার্যালয়ের সহকারী হিসাব রক্ষক শিউলী রোববার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে দাদপুর গ্রামের বাড়ি ফিরছিলেন।
"পথে রিপনসহ চারজন শিউলীর গতি রোধ করে তার মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যা করে।"
রিপন মোল্লা দীর্ঘদিন ধরে শিউলিকে উত্যক্ত করত বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/ডিডি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24