চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চাকরিচ্যুতদের ১৯ জুলাইয়ের মধ্যে পুনর্বহাল না করলে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনভুক্ত শ্রমিকরা 'কঠোর আন্দোলন' শুরুর হুমকি দিয়েছে।
চট্টগ্রাম বন্দর ভবনে রোববার সকাল ১০টা থেকে এক ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন ফেডারেশনের নেতারা। বন্দরের বার্থ অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরসহ বেসরকারি সংস্থার অধীনে কর্মরত প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
বন্দর ভবনের মূল গেটের সামনের রাস্তা থেকে নিমতলা মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে শ্রমিকরা এক সমাবেশে মিলিত হন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহাল, বার্থ অপারেটর পদ্ধতি বাতিল, ডক শ্রমিক পরিচালনা বোর্ড চালুসহ কয়েকটি দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আগামী ১৯ জুলাইয়ের মধ্যে দাবি না মানলে এর পর দিন আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ফেডারেশনের নেতারা সমাবেশে ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩৪৯ঘ.
বক্তব্য রাখেণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান খান, ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান শরীফ, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, এসব দাবি পূরণ করা না হলে শ্রম অসন্তোষের কারণে বন্দরে কাজের ব্যাঘাত ঘটলে শ্রমিক কর্মচারীরা দায়ি থাকবেন না।
তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্দরে ডক পরিচালনা বোর্ড বিলুপ্ত করে পুরনো স্টিভিডোরিং প্রথা বাতিল করা হয়। এর পরিবর্তে বার্থ অপারেটিং পদ্ধতিতে বেসরকারি সংস্থার মাধ্যমে শ্রমিকদের দিয়ে বন্দরে পণ্য খালাস কাজ পরিচালনা করা হচ্ছে। ডক পরিচালনা বোর্ডে অর্ন্তভূক্ত অধিকাংশ শ্রমিক-কর্মচারী বেতন ভাতা পেলেও চাকরিচ্যুত ২৮৭ জন শ্রমিক এখনো নিজেদের বকেয়াভাতা পাননি বলে অভিযোগ রয়েছে। # বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর
bdnews24