ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আইনজীবী এটিএম জহিরুল হককে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান রোববার সরকারি আইন কর্মকর্তা আদেশ এর ৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী এ নিয়োগ দেন।
জহিরুল হক ২০০২ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি আইনজীবী হিসেবে হাইকোর্টে তালিকাভুক্ত হন ১৯৯০ সালে।
তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১-০২ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ ছিলেন তিনি।
জহিরুল ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। এর দুই বছর পর পেশাগত জীবন শুরু করেন তিনি।
জহিরুলকে নিয়ে এখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ৩। বাকি দুজন হলেন এম কে রহমান ও মুরাদ রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24