পঞ্চগড়, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ষায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা ছাতার অভাবে প্রায়ই বিদ্যালয়ে আসতে পারে না। বিষয়টি ভাবিয়ে তোলে আটোয়ারি উপজেলার ডাংগীর হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের।
তারা শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক রাখতে নিলেন বিশেষ উদ্যোগ। কম্পিউটার বিষয়ের শিক্ষক হাসিবুল করিমের উদ্যোগে সব শিক্ষক মিলে নেমে পড়লেন তহবিল সংগ্রহে। নিজেরা দিলেন বেশির ভাগ। বাকিটা জোগাড় করলেন বিদ্যালয় ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের জরিমানা করে। সব মিলিয়ে প্রায় সাত হাজার টাকায় কেনা হল একই রঙের ৯৭টি ছাতা।
শনিবার দুপুরে এসব ছাতা দেওয়া হল ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ৯৭ জন শিক্ষার্থীকে।
ছাতা পেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নুরে জান্নাত মীম বলল, "ছাতার জন্য প্রায় স্কুলে আসা হত না। এখন থেকে নিয়মিত স্কুলে আসার চেষ্টা করব।"
৭ম শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেন বলল, "এটা আমাদের স্কুলে আসতে বাড়তি উৎসাহ যোগাবে। মা-বাবাও বৃষ্টির কারণে স্কুলে আসতে বারণ করবে না আর।"
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, "জেলার কোন স্কুলে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও অনুপস্থিতির হার কমাতে এমন উদ্যোগ নিতে উৎসাহিত করা হবে।"
শিক্ষক হাসিবুল করিম বলেন, "ক্লাসে অনুপস্থিতির কারণ হিসেবে অনেক শিক্ষার্থী বৃষ্টি ও ছাতা না থাকার কথা বলে। কাউকে দেখেছি বই-খাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে স্কুলে আসতে। এজন্য শিক্ষকদের সহায়তায় ছাতা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লে আমাদের উদ্দেশ্য সফল হবে।"
প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, "পর্যায়ক্রমে সব ক্লাসের শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হবে।"
ছাতা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আটোয়ারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তাহের মো. কামরুল হাসান, ধামোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. জালালউদ্দীন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.
bdnews24