কক্সবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর এক বিয়ে বাড়িতে শনিবার ভোররাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন- অন্তত ৫০ জন। তাদের মধ্যে ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা গ্রামের মোহাম্মদ সুলতানের বাড়িতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নূরুল আলম (২০), মনজুর আলম (১৫) ও নুর মোহাম্মদ (১২)। তারা পাশের কেরুনতলী গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা হলেন- আলমগীর (২৮), নূরুল ইসলাম (২৫), নিজাম উদ্দিন (২৮), মোহাম্মদ তারেক (৮), সরওয়ার কামাল (১৬), ছালামত উল্লাহ (২০), দেলোয়ার হোসেন (৩৮), শুক্কুর মিয়া (১৬), জাবের আহমদ (২০), নেজাম (১৫), আনোয়ার পাশা (৮) ও রবি আলম (২০)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা গ্রামের মোহাম্মদ সুলতানের ছেলে নূরুল হাশেম শুক্রবার বিয়ে করেন। এ উপলক্ষে রাতে তাদের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি জানান, বৃষ্টি ভেজা রাতে অনুষ্ঠান চলাকালে শনিবার ভোররাত তিনটার দিকে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে। এতে মাইকের তারও বিদ্যুতায়িত হয়।
ওসি স্বপন বলেন, "এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূরুল, মনজুর ও নুর মোহাম্মদ ঘটনাস্থলে মারা যান। পাশের কেরুনতলী গ্রামের এ তিনজন গান শুনতে বিয়ে বাড়িতে এসেছিলেন।"
সকালে লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24