ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর এলাকায় শুক্রবার রাতে ফাতু বেগম ওরফে সীমু (২২) নামে এক গৃহবধূকে হত্যা করেছে ডাকাতরা।
তাদের হামলায় আহত হয়েছেন তার স্বামী রফিকুল ইসলাম। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিকুল সেনাবাহিনীতে কর্পোরাল পদে কর্মরত। তার বাড়ি উপজেলার বিদ্যাকুট এলাকায়।
নবীনগর থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিকুল তার স্ত্রী ফাতুকে নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। উপজেলার কুড়িঘর নামক স্থানে পৌঁছানোর পর তারা ডাকাতের কবলে পড়েন।
ফাতু চিৎকার দিলে ডাকাতরা তাকে জবাই করে হত্যা করে।
এসআই সিরাজ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার আব্দুর রাহিম নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24