২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্ক ছাড়া অন্য দাতারা দায়িত্ব পালন করছেনা: খাদ্যমন্ত্রী

ডেনমার্ক ছাড়া অন্য দাতা দেশগুলো তাদের দায়িত্ব পালন করছেনা বলে মন্তব্য করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। আরও বেশি খাদ্য সাহায্য দেওয়ার জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 07:07 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেনমার্ক ছাড়া অন্য দাতা দেশগুলো তাদের দায়িত্ব পালন করছেনা বলে মন্তব্য করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। আরও বেশি খাদ্য সাহায্য দেওয়ার জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, "দাতাদের মধ্যে আন্তরিকতার অভাব দেখা যাচ্ছে। তারা এক সময় ১৩ লাখ টন পর্যন্ত খাদ্য সহায়তা দিয়েছে। অথচ বর্তমানে আমাদের প্রযোজন অনুযায়ী চার লাখ টন সাহায্যও পাওয়া যাচ্ছে না।" বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে খাদ্য নিরাপত্তা বিষয়ক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদ্য সমাপ্ত অর্থবছরে দাতারা মাত্র ১৮ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে বলে জানান আব্দুর রাজ্জাক। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার দুটি অধিবেশনে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। খাদ্যমন্ত্রী বলেন, দাতাদের দেওয়া সাহায্যের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। আগে যেখানে ৭০ থেকে ৮০ শতাংশ সাহায্য পাওয়া যেত, এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র ১০ থেকে ১২ শতাংশ। খাদ্য সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এফএও এর বাংলাদেশ প্রতিনিধি এড স্পাইকার্স, ইউরোপীয় কমিশন ডেলিগেশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রায়ান ফরে, এফএও সদর দপ্তরের পরিচালক কোস্টাস স্টামুলিস এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আহমেদ হোসেন খান বক্তব্য দেন। বাংলাদেশ সরকার এবং এফএও যৌথভাবে 'জাতীয় খাদ্যনীতি সক্ষমতা শক্তিশালীকরণ কর্মসূচি' (এনএফপিসিএসপি)' শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। সার্বিক, ন্যায়সঙ্গত, লিঙ্গ-সংবেদনশীল এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে জাতীয় খাদ্যনীতি পর্যবেক্ষনে সরকারের দক্ষতা বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে ৫১ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২৩৫৫ ঘ.