বাগেরহাট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের রামপাল এবং গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাজার থেকে বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালে সাড়ে চারশ' ঘনফুট কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ উদ্ধার করেছে কোস্টগার্ড ও বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক বিপুল কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাতপাড় বাজার সংলগ্ন মধুমতি নদীতে ডুবিয়ে রাখা ৬৫ পিস সুন্দরী কাঠ উদ্ধার করে।
বিপুল কুমার দাস জানান, আটক কাঠের পরিমাণ প্রায় আড়াইশ' ঘনফুট। বিকালে এসব কাঠ সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট কার্যালয়ে নিয়ে আসা হয়।
আগের রাতে কোস্টগার্ড সদস্যরা বাগেরহাটের রামপাল বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ২১৬ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করে।
মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফট্যানেন্ট লোকমান হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা রামপাল বাজার সংলগ্ন একটি খালে অভিযান চালিয়ে ডুবিয়ে রাখা ২১৬ ঘনফুট সুন্দরী কাঠ উদ্ধার করে।
কাঠ পাচারকারীরা সুন্দরবন থেকে কেটে এনে এসব কাঠ খালে ডুবিয়ে রেখেছিল। উদ্ধারকৃত কাঠ সুন্দরবন পূর্ব বিভাগের ঢাংমারী ফরেষ্ট ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.
bdnews24