ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের ৮টি ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
তিনি বলেন, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশে ও সমাপনী অনুষ্ঠান ভারতে অনুষ্ঠিত হবে।
ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেননের লিখিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সংসদে এ তথ্য জানান।
সাংসদ সালমা ইসলামের অপর এক প্রশ্নের জবাবে আহাদ আলী সরকার আরও জানান, ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশিক্ষণ ও ভেন্যু তৈরির ব্যবস্থা নিচ্ছে।
নির্বাচনযোগ্য ইউনিয়ন পরিষদ ৪,৪১২
রাশেদ খান মেননের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদকে জানান, বর্তমানে নির্বাচনযোগ্য ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪,৪১২টি। মামলা ও সীমানা চিহ্নিতকরণ জটিলতার কারণে ৮৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ৬৪টি জেলার নির্বাচনযোগ্য ইউনিয়ন পরিষদের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে।
সমবায় ব্যাংকের অনাদায়ী ঋণ
সাংসদ নীলুফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ সংসদকে জানান, বর্তমানে দেশে সমবায় ব্যাংকের মোট অনাদায়ী ঋণের পরিমান ৩২২ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার টাকা। টাস্কফোর্স কমিটির মাধ্যমে ওই ঋণ আদায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এইচএ/১৮২৫ ঘ.
bdnews24